দলের পারফরম্যান্সের মাঠের বাইরের প্রভাব পড়েছে বলে মনে করেন কোচ সারোয়ার ইমরান। ছবি : বিসিবি
সোনা জয়ের স্বপ্ন নিয়ে জাপানে যায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্বর্ণপদক দূরে থাকা এশিয়ান গেমস থেকে এবার খালি হাতে ফিরতে হচ্ছে নিগার সুলতানা জ্যোতি-মারুফা আক্তারদের।আজ ব্রোঞ্জপদক জয়ের সম্ভাবনা ছিল, পাকিস্তানের কাছে ৩১ রানে হেরে সে আশাও শেষ হয়েছে।
নাগোয়ায় এমন হতাশাজনক পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে কোচ ও খেলোয়াড়দের ওপর। তার বহিঃপ্রকাশও ঘটল ম্যাচ শেষে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ শেষে মাঠের বাইরে ঘটে চলা কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন কোচ সারোয়ার ইমরান।
কিছুদিন ধরেই আলোচনা-সমালোচনা হচ্ছিল জ্যোতির অধিনায়কত্ব নিয়ে। সেই আলোচনার জেরেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জ্যোতি। আজকেরই টি-টোয়েন্টিই তার অধিনায়কত্বের শেষ ম্যাচ ছিল।
অন্যদিকে কোচ সারওয়ার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে অক্টোবরে।তার মেয়াদ বাড়ানোর সম্ভাবনাও নেই বলে শোনা যাচ্ছে। সব কিছু মিলিয়ে সারোয়ারের মতে, কোচ-ক্যাপ্টেনকে সাইজ করে দিলে কিভাবে আপনি ভালো পারফরম্যান্স আশা করেন।
নাগোয়ায় ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে সারোয়ার বলেছেন, ‘টুর্নামেন্ট চলাকালীন এমনটা হতে পারে না। আমরা একটা টুর্নামেন্ট খেলছি, হেড কোচ আর ক্যাপ্টেনকে আপনি সাইজ করে দিলেন, তো কীভাবে আপনি (ভালো পারফরম্যান্স) আশা করেন?’
এ ছাড়া সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্স ভালো না হওয়ায় সমালোচনার মুখে পড়েছেন জ্যোতি-নাহিদা আক্তাররা। তার প্রভাব দলের ওপর পড়েছে বলে মনে করেন সারোয়ার।বাংলাদেশের কোচ বলেছেন, ‘আমাদের সমস্যার শুরুটা হয়েছে এশিয়া কাপ থেকে। শ্রীলঙ্কার সঙ্গে ক্লোজ ম্যাচ হেরেছি। হারার পর থেকে আমাদের নিয়ে বিভিন্ন জায়গায় খবর-টবর এসব নিয়ে। এমনকি ইন্দোনেশিয়া-আরব আমিরাতের মতো দলের সঙ্গে আমরা ১২০-৩০ করতে পারিনি। এটা এখনো ক্যারি করছি আমরা এশিয়ান গেমসে। এটা হয়তো টিমের ওপর, প্লেয়ারদের ওপর প্রভাব পড়তে পারে। আমার মনে হয়, এটা একটা কারণ হতে পারে।’
নারী ক্রিকেটারের সংকট নিয়েও হতাশা ঝড়েছে সারোয়ারের কণ্ঠে। হেড কোচ বলেছেন, ‘আমরা কিন্তু পারছি না, কোনোভাবেই ওই লেভেলে যেতে পারছি না। যেকোনো টিম সহজেই ছয় মারছে, আমাদের টিম কিন্তু ছয় মারতেই পারছে না। যে আগে মারতো সে-ও এখন আগের জায়গাতে নেই। নারী ক্রিকেট একটি জায়গায় আটকে রয়েছে। শ্রীলঙ্কায় নারী স্কুল ক্রিকেট চলছে, শত শত খেলোয়াড় খেলছে। আমাদের কিন্তু ও রকম স্ট্রাকচার নেই। নতুন খেলোয়াড় নেই, আমরা ৩০ জনের বেশি প্লেয়ার বের করতে পারি না যে ডাকব।’










































