সংগৃহীত ছবি
কয়েক মাস আগেই ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন ভারতের মালয়ালম টেলিভিশনের পরিচিত মুখ ও ‘বিগ বস মালয়ালম’-এর সাবেক প্রতিযোগী রেণু সুদি। এবার তার শারীরিক অবস্থার অবনতির খবর সামনে এসেছে।পাঁচ দফা কেমোথেরাপি নেওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন তিনি। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ‘বিগ বস মালয়ালম’-এর আরেক প্রতিযোগী সারিকা কে বি।
চলতি বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে রেণু জানিয়েছিলেন, তার তৃতীয় পর্যায়ের স্তন ক্যান্সার শনাক্ত হয়েছে। এর পর থেকে চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি।সম্প্রতি পাঁচ দফা কেমোথেরাপি নেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে রেণুর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন সারিকা কে বি। তিনি জানান, সম্প্রতি রেণুর বড় বোন তাকে ফোন করে অভিনেত্রীর শারীরিক অবস্থার কথা জানিয়েছেন। বর্তমানে কেরালার কোট্টায়াম সরকারি মেডিক্যাল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন রেণু।
সারিকার ভাষ্য অনুযায়ী, রেণুর অবস্থা খুবই গুরুতর। পাঁচ দফা কেমোথেরাপির পর তার শরীর আরো দুর্বল হয়ে পড়েছে। এমনকি শারীরিক অবস্থার কারণে আরেক দফা কেমোথেরাপি নেওয়ার মতো পরিস্থিতিও নেই বলে জানিয়েছেন সারিকা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কনটেন্ট তৈরি ও উপস্থাপনার মাধ্যমে পরিচিতি পান রেণু সুদি। পরে ‘বিগ বস মালয়ালম’-এর সপ্তম মৌসুমে প্রতিযোগী হিসেবে অংশ নেন তিনি।অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মালয়ালম তারকা মোহনলাল। রিয়েলিটি শোতে অংশ নেওয়ার পর দর্শকদের মধ্যে তার পরিচিতি আরও বাড়ে।
রেণুর আসল নাম রেশমা পি থাঙ্কাচেন। বিনোদন অঙ্গনে রেণু সুদি নামেই পরিচিত তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় ছিলেন এই অভিনেত্রী। ক্যানসার শনাক্ত হওয়ার পর চিকিৎসার বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞতা অনুসারীদের সঙ্গে নিয়মিত ভাগ করে নিয়েছেন তিনি।
এর আগে ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর জানিয়ে রেণু বলেছিলেন, তার রোগটি তৃতীয় পর্যায়ে রয়েছে। এরপর নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে তাকে কেমোথেরাপি নিতে হয়। পাঁচ দফা কেমোথেরাপির পর এবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।










































