সিনেমায় এআই নয়, মানুষের গুরুত্বই বেশি : টম ক্রুজ

ছবি : রয়টার্স

লন্ডনে বাফটা আয়োজিত এক অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর বদলে চলচ্চিত্র নির্মাণে মানুষের দক্ষতা ও প্রেক্ষাগৃহের গুরুত্বের কথা তুলে ধরেছেন হলিউড তারকা টম ক্রুজ। প্রায় ছয় মিনিটের এই বক্তব্যের পর দর্শকরা করতালি দিয়ে তার বক্তব্যকে সমর্থন জানান।

‘বাফটা : লাইফ ইন পিকচার্স’ অনুষ্ঠানে নিজের অভিনয়জীবন নিয়ে স্মৃতিচারণা করছিলেন টম ক্রুজ। অনুষ্ঠান সঞ্চালক এডিথ বোম্যান চলচ্চিত্রশিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে প্রশ্ন তুললে ‘টপ গান’ ও ‘মিশন: ইম্পসিবল’ খ্যাত এই অভিনেতা সিনেমা তৈরিতে মানুষের ভূমিকা ও প্রেক্ষাগৃহে সিনেমা দেখার অভিজ্ঞতার পক্ষে কথা বলেন।

ক্রুজ জানান, ‘প্রযুক্তি যতই আসুক না কেন, মানুষের মতো আর কিছু হতে পারে না।’ তরুণ দর্শকসহ অনেকেই প্রেক্ষাগৃহে গিয়ে ব্লকবাস্টার সিনেমা দেখছেন, যা প্রমাণ করে যে মানুষ এখনো আসল মানবিক অভিজ্ঞতা পেতে চায়।চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত কর্মীদের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, সিনেমা ইন্ডাস্ট্রির এই দক্ষ কারিগরদের তিনি হারাতে চান না। ইতিপূর্বেও ২০২৩ সালে অভিনয়শিল্পীদের ধর্মঘট চলাকালীন এআই ব্যবহারের ক্ষেত্রে সুরক্ষার দাবি তুলেছিলেন টম ক্রুজ।

বাফটার এই আয়োজনটি তার নতুন সিনেমা ‘ডিগার’-এর প্রচারণার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতু পরিচালিত ছবিটি আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।ছবিতে ক্রুজকে একজন তেল ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে, যিনি নিজের তৈরি একটি পরিবেশগত দুর্যোগ মোকাবেলার চেষ্টা করেন। ক্রুজ সিনেমাটিকে তার অভিনয় জীবনের অন্যতম মৌলিক ও মর্মস্পর্শী কাজ হিসেবে বর্ণনা করেছেন।

LEAVE A REPLY