ছবি : রয়টার্স
জার্মান ক্লাবে বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে চলেছে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের। বায়ার্নে দীর্ঘ মেয়াদে থাকার ইচ্ছা তিনি প্রকাশ করেছিলেন আগেই, এবার নতুন চুক্তি সই নিয়ে সমর্থকদের আশাবাদী হওয়ার মতো দারুণ এক বার্তা শোনালেন এই ইংলিশ গোলমেশিন।
২০২৩ সালে টটেনহ্যাম হটস্পার ছেড়ে বায়ার্নে যোগ দেওয়া কেইনের বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। তবে চলতি বছরের আগস্ট থেকেই এই স্ট্রাইকারের সঙ্গে চুক্তি বাড়ানোর আলোচনা শুরু করে ক্লাব কর্তৃপক্ষ।
চুক্তির গতি-প্রকৃতি নিয়ে কেইন নিজেই বেশ আশাবাদী। তিনি বলেন, ‘আলোচনা বেশ ইতিবাচকভাবেই এগোচ্ছে এবং আমরা চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি।অবশ্য বেশ কিছু ছোটখাটো বিষয় এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হওয়া বাকি। আমি এখানে ভীষণ সুখে আছি এবং মনে হয় খুব বেশি সময় লাগবে না, খুব শিগগির হয়তো এ বিষয়ে বড় কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’
বায়ার্নে নিজের ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি পরিবার ও পারিপার্শ্বিক স্বাচ্ছন্দ্যকেও বেশ প্রাধান্য দিচ্ছেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার। মিউনিখের সুন্দর পরিবেশ, কোচিং স্টাফদের সহায়তা এবং সতীর্থদের সঙ্গে চমৎকার বোঝাপড়ায় তিনি অত্যন্ত সন্তুষ্ট।জীবনের এই পর্যায়ে এসে নিজের সেরা পারফরম্যান্স ধরে রাখতে একটি পরিচিত ও আরামদায়ক পরিবেশে থাকাই যুক্তিযুক্ত মনে করছেন এই ইংলিশ তারকা।
অবশ্য চুক্তি নবায়নের পেছনে মাঠের পারফরম্যান্সই বড় নিয়ামক হিসেবে কাজ করছে। বায়ার্নে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক গোল বানিয়ে ও করে চলেছেন কেইন। বায়ার্নের জার্সিতে ইতিমধ্যেই তিনি দুটি বুন্দেসলিগা, একটি জার্মান কাপ এবং দুটি মর্যাদাপূর্ণ ফ্রাঞ্জ বেকেনবাওয়ার সুপারকাপের শিরোপা নিজের ঝুলিতে পুরেছেন।
অন্যদিকে, ঘরের সেরা তারকাকে কোনোভাবেই হাতছাড়া করতে রাজি নয় বায়ার্ন মিউনিখও।ক্লাবটির প্রধান নির্বাহী ইয়ান-ক্রিস্টিয়ান ড্রেসেন ইতিপূর্বেই জানিয়েছেন, কেইনের সঙ্গে ক্লাবের মেলবন্ধন ও পারস্পরিক বোঝাপড়া চমৎকার। দুই পক্ষই বেশ আন্তরিকতার সঙ্গেই চুক্তি নবায়নের চূড়ান্ত পর্বের আলোচনা চালিয়ে যাচ্ছে।









































