চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৯৭৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় চারটি ট্রাক ও একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হলেও চক্রের মূল হোতারা পালিয়ে যায়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ইছাখালী ইউনিয়নের বঙ্গোপসাগর উপকূলে এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন ট্রাকচালক ইয়াছিন এবং শ্রমিক মনির হোসেন ও ইসমাইল। পরে ভ্রাম্যমাণ আদালত ইয়াছিনকে এক হাজার এবং অন্য দুজনকে ২০০ টাকা করে জরিমানা করেন।
কোস্ট গার্ড জানায়, চট্টগ্রামের মাঝিরঘাট থেকে চারটি ট্রাকে করে সার উপকূলে আনা হয়।ট্রাক থেকে আগে থেকে প্রস্তুত রাখা একটি মাছ ধরার ট্রলারে সার তোলার সময় টহলরত সদস্যদের নজরে বিষয়টি আসে। তবে পাচারকারী চক্রের কয়েকজন সদস্য পালিয়ে যায়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চারটি ট্রাকে মোট এক হাজার ১০০ বস্তা সার থাকার কথা বলা হলেও অভিযান শেষে ট্রাক ও ট্রলার মিলিয়ে ৯৭৫ বস্তা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ১২৫ বস্তা সার অন্য একটি ট্রলারে সরিয়ে নেওয়া হয়েছে।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের ও উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বৈধ কাগজপত্র না থাকায় ৯৭৫ বস্তা সার সরকারি নির্ধারিত মূল্য কেজিপ্রতি ২৫ টাকা ধরে ১২ লাখ ১৮ হাজার ৭৫০ টাকায় প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়।
মিরসরাই কোস্ট গার্ডের পিওআর মোহাম্মদ রবিউল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযান সাগরপথে চোরাচালান প্রতিরোধে নিয়মিত কার্যক্রমের অংশ। উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, উদ্ধার করা সার মিরসরাই উপজেলার বরাদ্দের নয়।










































