কয়েক দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন কবি ও অভিনেতা রিফাত চৌধুরী। তার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র থেকে চিত্রনায়ক জায়েদ খান ১০ হাজার টাকা পাঠিয়েছেন, এমন খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে তৈরি হয় আলোচনা।তবে শুরুতে আর্থিক সহযোগিতার বিষয়টি অস্বীকার করলেও পরে জানা যায়, সত্যিই টাকা পাঠিয়েছিলেন জায়েদ। কিন্তু শেষ পর্যন্ত সেই অর্থ গ্রহণ করেননি রিফাত চৌধুরী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রিফাত চৌধুরী জানিয়েছিলেন, জায়েদ খান তাকে কোনো আর্থিক সহযোগিতা করেননি। এমনকি তার জন্য টাকা পাঠানোর বিষয়টিও কেউ তাকে নিশ্চিত করে জানাননি বলে দাবি করেন এই কবি ও অভিনেতা।
এরপর জানা যায়, রিফাত চৌধুরীর চিকিৎসার জন্য এক সাংবাদিকের কাছে ১০ হাজার টাকা পাঠিয়েছিলেন জায়েদ খান। তবে ওই সাংবাদিক টাকা তার কাছে পৌঁছে দেওয়ার আগেই সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, রিফাতের চিকিৎসায় অর্থ সহায়তা করেছেন জায়েদ। বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেন রিফাত চৌধুরী।
শুক্রবার রাতে এ প্রসঙ্গে রিফাত চৌধুরী বলেন, তিনি শুনেছিলেন, জায়েদ খান একজনের মাধ্যমে তার জন্য কিছু টাকা পাঠিয়েছেন।কিন্তু সেই অর্থ কেউ তাকে দেননি। এমনকি টাকা পাঠানোর বিষয়টি নিয়েও তাকে জানানো হয়নি।
এরপর শনিবার (২৬ সেপ্টেম্বর) জায়েদ খানের পাঠানো ১০ হাজার টাকা রিফাত চৌধুরীর কাছে পৌঁছে দিতে গেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান তিনি।
গত ১৪ সেপ্টেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন রিফাত চৌধুরী। দীর্ঘদিন ধরে পা ও কোমরের সমস্যার পাশাপাশি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, অনিদ্রা ও অতিরিক্ত দুর্বলতায় ভুগছেন তিনি।হাসপাতালে ভর্তির পর শুরুতে শয্যা না পেয়ে কয়েক দিন মেঝেতেও থাকতে হয়েছিল তাকে। পরে ২১ সেপ্টেম্বর রাতে একটি কেবিনে স্থানান্তর করা হয় এই কবি ও অভিনেতাকে।
আশির দশক থেকে কবিতা লেখা ও অভিনয়ের সঙ্গে যুক্ত রিফাত চৌধুরী। ১৯৮৪ সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘আলিঙ্গনের নাম’। চার দশকের সাহিত্যজীবনে তার ২৯টি বই প্রকাশিত হয়েছে বলে জানা গেছে। অভিনয়েও নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন রিফাত চৌধুরী। নাটক ‘সিক্সটি নাইন’-এ ‘জাতীয় কাকা’ চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান তিনি। এ ছাড়া ‘ব্যাচেলর’ ও ‘মেহেরজান’ সিনেমায়ও অভিনয় করেছেন এই কবি ও অভিনেতা।
বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন রিফাত চৌধুরী। সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে চান তিনি। অভিনয়ের পাশাপাশি ভবিষ্যতে নাটক পরিচালনায়ও মন দেওয়ার ইচ্ছা রয়েছে তার।









































