‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?’

ছবি : পিন্টারেস্ট

‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?’—মার্শাল আর্ট নিয়ে কথা বলতে গিয়ে মজার ছলে এমন প্রশ্নই ছুড়ে দিয়েছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালা। তামিল সিনেমা ‘ভেট্টুভাম’-এ অভিনয়ের জন্য মার্শাল আর্ট শেখার অভিজ্ঞতা তাকে এতটাই মুগ্ধ করেছে যে, এখন নাচের চেয়েও মার্শাল আর্ট বেছে নিতে চান এই অভিনেত্রী।

পা রঞ্জিত পরিচালিত ‘ভেট্টুভাম’ অ্যাকশন ও সায়েন্স ফিকশনের মিশেলে তৈরি একটি সিনেমা। এতে শোভিতার সঙ্গে অভিনয় করছেন ভিআর দিনেশ ও আরিয়া। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শোভিতাকে। ছবির কাজের অংশ হিসেবে তাকে মার্শাল আর্টের প্রশিক্ষণও নিতে হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির ‘ইউভা ২০২৬’-এ অতিথি হয়ে সিনেমাটি ও নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন শোভিতা। মার্শাল আর্ট শেখার প্রসঙ্গে তিনি জানান, এই সিনেমার মাধ্যমেই প্রথমবার এই শিল্পের সঙ্গে পরিচিত হয়েছেন। ভারতের বিভিন্ন ঐতিহ্যবাহী মার্শাল আর্ট নিয়েও আগ্রহ প্রকাশ করেন তিনি। কলারিপায়াত্তু ও মল্লখম্বের মতো শিল্পের কথা বিশেষভাবে উল্লেখ করেন অভিনেত্রী।

শোভিতার কাছে মার্শাল আর্ট শুধু সিনেমার প্রস্তুতি বা শরীরচর্চার বিষয় হয়ে থাকেনি। তার মতে, এর প্রভাব পড়েছে মানসিকভাবেও। অনুশীলনের মাধ্যমে চাপ ও মানসিক অস্বস্তি কমাতে পেরেছেন তিনি। শারীরিক ফিটনেসের পাশাপাশি নিজের ভেতরেও এক ধরনের পরিবর্তন অনুভব করেছেন বলে জানান অভিনেত্রী।

শাস্ত্রীয় নৃত্যে প্রশিক্ষিত শোভিতাকে প্রশ্ন করা হয়, নাচ ও মার্শাল আর্টের মধ্যে এখন কোনটি বেছে নেবেন।উত্তরে তিনি জানান, এমন উত্তর নিজেই দেবেন বলে আগে ভাবেননি। তবে মার্শাল আর্ট তাকে যেভাবে চাপমুক্ত করেছে, সেটি তার কাছে বেশ ভালো লেগেছে। তাই এখন নাচের বদলে মার্শাল আর্টকেই বেছে নেওয়ার কথা বলেন তিনি।

এরপরই মজার ছলে শোভিতা বলেন, ‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?’ তার এই মন্তব্যে যেমন রসিকতা ছিল, তেমনি মার্শাল আর্টের মতো শারীরিক কৌশলভিত্তিক শিল্পে মেয়েদের অংশগ্রহণ নিয়েও একটি বার্তা উঠে আসে।

‘ভেট্টুভাম’-এর গল্পে তিনটি ভিন্ন সময়কে একটি অভিন্ন সূত্রে যুক্ত করা হয়েছে। অতীতের মানুষের ঐতিহ্য, সংঘাত ও ক্ষমতার লড়াই কিভাবে বর্তমানকে প্রভাবিত করে এবং ভবিষ্যতের পথ তৈরি করে, সিনেমাটিতে সেই বিষয়গুলো তুলে ধরা হবে। গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে মার্শাল আর্ট ও ঐতিহ্যের যোগসূত্র।

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জি ভি প্রকাশ কুমার। সংলাপ লিখেছেন ফ্র্যাঙ্কলিন জ্যাকব। চিত্রগ্রহণে রয়েছেন রূপেশ শাজি, সম্পাদনায় সেলভা আরকে এবং শিল্প নির্দেশনায় এস এস মূর্তি। অ্যাকশন কোরিওগ্রাফি করেছেন ধিলিপ সুব্বারায়ণ।

LEAVE A REPLY