সংগৃহীত ছবি
বলিউড অভিনেতা রণবীর কাপুরের ৪৪তম জন্মদিনে মুম্বাইয়ের নতুন বাড়ির বারান্দা থেকে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সোমবার (২৮ সেপ্টেম্বর) জন্মদিন উপলক্ষে রণবীরকে দেখতে তার বাড়ির সামনে ভিড় করেন ভক্ত ও পাপারাজ্জিরা।পরে নতুন বাড়ির বারান্দায় এসে আলিয়াকে সঙ্গে নিয়ে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন এই অভিনেতা।
রণবীর ও আলিয়ার নতুন বাড়িটি মুম্বাইয়ের পালি হিলে অবস্থিত ‘কৃষ্ণা রাজ’ বাংলো। ছয়তলা এই বাড়িটির নামকরণ করা হয়েছে রণবীরের দাদা-দাদি রাজ কাপুর ও কৃষ্ণা কাপুরের নামে। বাড়িটি যে জায়গায় তৈরি হয়েছে, সেটিও কাপুর পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত।
জানা গেছে, ২০২৫ সালের দীপাবলির সময় নতুন বাড়িতে ওঠেন রণবীর ও আলিয়া। বিভিন্ন প্রতিবেদনে বাড়িটির মূল্য প্রায় ২৫০ কোটি রুপি বলে উল্লেখ করা হয়েছে। বাড়িটির নকশায় আধুনিকতার পাশাপাশি ভারতীয় সাজসজ্জার ছাপ রয়েছে। বড় কাচের জানালা, মার্বেল ফ্লোর, সবুজ গাছপালা ও প্রশস্ত বারান্দা রয়েছে বাড়িটিতে।
জন্মদিনে রণবীরকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাসের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে শুভেচ্ছা জানিয়েছেন পরিবারের সদস্য ও সহকর্মীরা। ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির টিমও অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় ছবিটিতে রণবীরের সঙ্গে অভিনয় করছেন আলিয়া ভাট ও ভিকি কৌশল। ছবিটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে।
এদিকে রণবীরের হাতে রয়েছে আরো একটি বড় সিনেমা ‘রামায়ণ’।নিতেশ তিওয়ারি পরিচালিত এই ছবিতে রামের চরিত্রে দেখা যাবে তাকে। ছবিটি দুই পর্বে মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রথম পর্ব মুক্তির কথা রয়েছে ২০২৬ সালের দীপাবলিতে।
বলিউডে দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ‘রকস্টার’, ‘বারফি!’, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘তামাশা’, ‘ব্রহ্মাস্ত্র’ ও ‘অ্যানিমেল’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন রণবীর। জন্মদিনে নতুন বাড়ির বারান্দা থেকে ভক্তদের শুভেচ্ছা জানানোর মুহূর্তটিও তাই আলাদা করে নজর কেড়েছে।
সূত্র : এনডিটিভি








































