নাইজেরিয়ায় জঙ্গলে ২৮টি মানুষের খুলি উদ্ধার

নাইজেরিয়ার আবিয়া রাজ্যের দুটি জঙ্গলে সন্দেহভাজন অপরাধীদের আস্তানায় অভিযান চালিয়ে ২৮টি মানুষের মাথার খুলি ও অন্যান্য হাড় উদ্ধার করেছে পুলিশ। রবিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উমুয়াকু-ইসুওচি ও ন্নেয়াতোর জঙ্গলে অভিযান চালানো হয়।আবিয়া রাজ্য পুলিশ জানিয়েছে, রাজ্যজুড়ে সন্দেহভাজন অপরাধীদের আস্তানা ধ্বংস করতে চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।

পুলিশের ভাষ্য, অভিযানের খবর পেয়ে আস্তানায় থাকা সন্দেহভাজন ব্যক্তিরা নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছানোর আগেই পালিয়ে যায়। ফলে আস্তানাগুলো ফাঁকা অবস্থায় পাওয়া যায়। দ্য গার্ডিয়ান জানায়, অভিযানে পুলিশের সহিংস অপরাধ দমন ইউনিট, অপহরণবিরোধী ইউনিট, গ্যাংবিরোধী ইউনিট, গোয়েন্দা প্রতিক্রিয়া ইউনিট এবং দ্রুত প্রতিক্রিয়া দলের সদস্যরা অংশ নেন।এ ছাড়া ইসুওচি পুলিশ সদর দপ্তরের সদস্যরাও অভিযানে ছিলেন। আবিয়া রাজ্য পুলিশের মুখপাত্র মওরিন চিনাকা বলেন, বিশেষ পুলিশ দল আস্তানাগুলোতে পৌঁছানোর পর সেখানে থাকা সন্দেহভাজনরা পালিয়ে যায়। পরে পুলিশ সদস্যরা ফাঁকা আস্তানাগুলোতে তল্লাশি চালান।

তল্লাশির সময় পুলিশ সদস্যরা মানুষের দেহাবশেষ দেখতে পান।পরে সেখানে মোট ২৮টি মানুষের মাথার খুলি ও বিভিন্ন হাড় উদ্ধার করা হয়। চিনাকা বলেন, পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া দেহাবশেষগুলো অপহরণের শিকার ব্যক্তিদের হতে পারে। তবে দেহাবশেষগুলোর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া কিছু দেহাবশেষ এরই মধ্যে পচে গেছে। এসব দেহাবশেষ কার এবং কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনী আস্তানাগুলোতে পৌঁছানোর আগেই সন্দেহভাজনরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

মওরিন চিনাকা বলেন, দেহাবশেষ উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে। একই সঙ্গে ওই এলাকায় নিরাপত্তা নজরদারি বাড়ানো হয়েছে। পালিয়ে যাওয়া সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। আবিয়া রাজ্য পুলিশ কমান্ড জানিয়েছে, সন্দেহভাজন অপরাধীদের খুঁজে বের করতে অভিযান আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে উমুয়াকু-ইসুওচি ও ন্নেয়াতোর আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY