পদ্মা নদীতে দুর্বৃত্তদের হামলা, ২ পুলিশ সদস্য নিখোঁজ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পদ্মা নদীতে পুলিশের ওপর দুর্বৃত্তদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুই পুলিশ সদস্য নিখোঁজ রয়েছেন।

আজ সোমবার ভোর রাতে উপজেলার বেড় কালোয়া এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। এই হামলার ঘটনায় আরো এক পুলিশ সদস্য ও এক ইউপি সদস্য আহত হয়েছেন। তবে কি কারণে হামলার ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোররাত ৪টার দিকে একটি নৌকায় স্থানীয় দুই ইউপি সদস্য ছানোয়ার ও আনোয়ার কুমারখালী থানার ছয়জন পুলিশকে নিয়ে পদ্মা নদীতে যায়। এ সময় অবৈধভাবে জাল ফেলে মাছ নিধন করছিল জেলেরা। পুলিশের নৌকাটি জেলেদের দিকে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে।

এ সময় নৌকায় থাকা এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল হোসেন নদীতে ঝাঁপ দেয়। এরপর থেকেই তারা নিখোঁজ রয়েছেন। আর হামলার ঘটনায় আহত হয়েছেন এসআই নজরুল ইসলাম কয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য ছানোয়ার হোসেন আহত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা আরো জানান, ইলিশ শিকারে নিষেধাজ্ঞা চললেও পদ্মা নদীতে প্রতিনিয়তই অবৈধভাবে মাছ শিকার করছে জেলেরা। ওই এলাকায় জেলেদের প্রধান ইয়ারুল। পদ্মায় তার নেতৃত্বে একটি বাহিনীও আছে। সোমবার ভোরে স্থানীয় ইউপি সদস্যদের সহযোগিতায় ৬জন পুলিশ নৌকা নিয়ে পদ্মা নদীতে যায়। এ সময় তারা অভিযানের নামে জেলেদের মাছ লুটে নেওয়ার চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে বেশ কয়েকটি নৌকায় ১৫ থেকে ২০জন তাদের উপর হামলা চালায়। হামলাকারীদের মাথায় হেলমেট পড়া ছিল বলে জানতে পেরেছি।

এ ঘটনায় কুমারখালীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমাদুল হাসান বলেন,রাতে মৎস্য অভিযান ছিল না। পদ্মায় পুলিশ কেন গেছে তা জানি না।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ বলেন, ওয়ারেন্টের আসামি ধরতে যেয়ে পদ্মা নদীতে দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে কুমারখালী থানা পুলিশের দুজন উপসহকারী পরিদর্শক (এএসআই) নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে পুলিশের একাধিক দল নৌকা নিয়ে পদ্মায় তল্লাশি চালাচ্ছে। এছাড়াও ফায়ার সার্ভিসও নদীতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এই হামলার ঘটনায় এক এস আই ও এক ইউপি সদস্য আহত হয়েছেন। পরে বিস্তারিত জানানো হবে।

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
sharethis sharing button

LEAVE A REPLY