লাউতারো মার্তিনেজ। ছবি : এএফপি
লিওনেল মেসি ও পাওলো দিবালার পর আর্জেন্টিনার চোটের তালিকায় যুক্ত হলো আরেকটি নাম। চোটে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারবেন না লাউতারো মার্তিনেজ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন ইন্টার মিলান স্ট্রাইকার।
আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে যোগ দিলেও চোটের কারণে সরে দাঁড়াতে হলো ২৭ বছর বয়সী এই স্ট্রাইকারকে।
চোটের কারণে মার্তিনেজ ছিটকে পড়ায় তার জায়গায় দেখা যেতে পারে অ্যাতলেতিকোর ফরোয়ার্ড জুলিয়ানো সিমিওনেকে। নিকোলাস গঞ্জালেস, নিকো পাজ ও থিয়াগো আলমাদাও ভালো বিকল্প হয়ে উঠতে পারেন স্কালোনির।
বাঁ ঊরুতে ব্যথা পাওয়ায় বাছাইপর্বের ম্যাচ দুটি খেলা হচ্ছে না মেসিরও। বাঁ পায়ে মাংসপেশির চোটে ভুগে প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এএস রোমা তারকা দিবালা।
গঞ্জালো মন্তিয়েল ও জোভান্নি লো সেলসোদেরও চোটের কারণে এ দুটি ম্যাচে খেলা হচ্ছে না।
২২ মার্চ বাংলাদেশ সময় ভোরে মন্টেভিডিওতে স্বাগতিক উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ২৬ মার্চ বুয়েনস এইরেসে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে স্কালোনির দল।










































