সংগৃহীত ছবি
বিরতি কাটিয়ে আবারো পর্দা মাতাতে হাজির হচ্ছেন আমির খান। মুক্তি পেতে চলেছে তার পরবর্তী ছবি ‘সিতারে জমিন পার’। আগামী ২০ জুন বড় পর্দায় আসছে এই স্পোর্টস-ড্রামেডি। প্রথমে মে মাসের শেষে মুক্তি দেওয়ার ভাবনা থাকলেও এখন ২০ জুনই চূড়ান্ত।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বক্স অফিসে নিরিখে মুক্তির জন্য জুনের সময়টাকেই বেছে নিয়েছেন আমির। কারণ মে ৩০-এর বদলে জুন ২০ তার ছবিকে বক্স অফিসে আরও দু’সপ্তাহের ‘ক্লিয়ার রান’ দেবে। ছবির সম্পাদনার কাজও শেষ। এখন আমিরের নজর পুরোপুরি ছবির প্রচার ও বিজ্ঞাপনের দিকে।
আমির ঘনিষ্ঠ এক সূত্রে ভারতীয় গণমাধ্যম বলছে, ‘সিতারে জমিন পার’-এর গল্পে হিউমার, আবেগ আর ড্রামার নিখুঁত মিশেল রয়েছে, যা আমিরের ছবির বিশেষত্ব। তিনিও এই ছবি নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী।
আরো জানা গেছে, ছবির ট্রেলার মুক্তি পাবে আগামী দু’সপ্তাহের মধ্যেই।
‘সিতারে জমিন পার’-এর পর আমিরের পরিকল্পনায় রয়েছে একাধিক বড় প্রজেক্ট—রাজকুমার সন্তোষীর সঙ্গে কমেডি সিনেমা আর লোকেশ কানাগরাজের সঙ্গে একটি সুপারহিরো ফিল্ম।
এছাড়াও, সানি দেওল অভিনীত ‘লাহোর: ১৯৪৭’ ছবির প্রযোজনাও করছেন তিনি, যা মুক্তি পাবে ২০২৫-এর দ্বিতীয়ার্ধে।








































