জোড়া সেঞ্চুরির পর ক্যামেরাম্যানের ভূমিকায় পন্ত। ছবি : এএফপি
নাজমুল হোসেন শান্তর কীর্তিটা এখনো তরতাজা। দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি হাঁকানো সর্বশেষ ব্যাটার বাংলাদেশের অধিনায়ক। গলে করা তার কীর্তিটির বয়স দুই দিন পার না হতেই এবার মঞ্চে হাজির হলেন ঋষভ পন্ত।
শান্তর মতোই আজ দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন পন্ত।
বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে রেকর্ড গড়া শান্তর মতোই পন্ত ভারতের একটা জায়গায় প্রথম। প্রথম উইকেটরক্ষক হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি। আর বিশ্বের দ্বিতীয়। ২০১১ সালে হারারেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম কিপার হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরি করেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ার।
অর্থাৎ এশিয়ারও প্রথম ব্যাটার।
ভারতের সপ্তম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছেন পন্ত। তার আগে এই কীর্তি গড়েছেন বিজয় হাজারে, সুনীল গাভাস্কার (৩), রাহুল দ্রাবিড় (২), বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে ও রোহিত শর্মা। এদের মধ্যে আজ মাঠে উপস্থিত ছিলেন গাভাস্কার।
ধারাভাষ্যকার হিসেবে কাজ করায় উত্তরসূরির কীর্তি দেখলেন তিনি।
পন্তের এমন কীর্তি দেখে ভীষণ খুশি হয়েছেন গাভাস্কার। গ্যালারিতে দাঁড়িয়ে যখন ২৭ বছর বয়সী বাঁহাতি ব্যাটারের রেকর্ড দেখলেন তখন তার চোখে মুখে খুশি ফুটে ওঠে। তবে উত্তরসূরির কাছে একটা আবদার করেও পাইলেন না গাভাস্কার। আর তা হচ্ছে ডিগবাজি দেখার উদযাপন।
শোয়েব বশিরের বল ডিপ পয়েন্টে মেরে যখন হেলমেট, ব্যাট, গ্লাভস খুলে উদযাপন করলেন পন্ত তখন মনে হয়েছিল আজও একটা ডিগবাজি দেবেন তিনি। সেই আশায় বাঁহাতি ব্যাটারকে বারবার ইশারা করে যাচ্ছিলেন গাভাস্কার। যেন প্রথম ইনিংসের সেঞ্চুরির উদযাপনের মতো আজও ডিগবাজি দেন। কিন্তু পন্ত পূর্বসূরিকে জানিয়ে দিলেন পরে আরেক দিন হবে। তবু ইশারা করতে থামছিলেন না গাভাস্কার। তবে একটা সময় থামতেই হলো তাকে।
হেলমেট-গ্লাভস পরে পন্ত যে আবার ইংল্যান্ডের বোলারদের পেদানি দিতে প্রস্তুত হলেন। তার আগে অবশ্য নতুন এক স্ট্যাইলে উদযাপন করেছেন। চোখের কাছে একহাত নিয়ে ফটোগ্রাফারের ভঙ্গিতে। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির ইনিংসকে পরে অবশ্য দীর্ঘ করতে পারেননি উইকেটরক্ষক-ব্যাটার। ১১৮ রানে বশিরের বলেই জ্যাক ক্রলিকে ক্যাচ দিয়ে থেমেছেন তিনি। ড্রেসিংরুমে ফেরার আগে ১৪০ বলের ইনিংসটি সাজিয়েছেন ১৫ চার ও ৩ ছক্কায়। এর আগে প্রথম ইনিংসে খেলেন ১৩৪ রানের ইনিংস।
পন্ত আউট হলেও দ্বিতীয় ইনিংসের আরেক সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল তার উইলোকে ভালোই শান দিচ্ছেন। সতীর্থর আগে ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরি পেয়েছেন তিনি। ৩৩ বছর বয়সী ব্যাটার ১২০ রানে অপরাজিত আছেন। দুজনের সেঞ্চুরিতে লিডস টেস্টে ভালো অবস্থানে ভারতও। চা বিরতিতে যাওয়ার আগে ভারতের লিড দাঁড়িয়েছে ৩০৪ রানে। প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের ইনিংস দাঁড়িয়েছে ৪ উইকেটে ২৯৮ রানে। লোকেশকে সঙ্গ দিচ্ছেন ৪ রান করা করুণ নায়ার।











































