বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ করে শাস্তি পেলেন স্যামি

ড্যারেন স্যামি।

বার্বাডোসে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট চলাকালীন আম্পায়ারিং সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানানোয় ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ ড্যারেন স্যামিকে শাস্তির মুখে পড়তে হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট প্রদান করেছে।

বিতর্কের সূত্রপাত ঘটে দ্বিতীয় দিনের খেলার পর। রোস্টন চেজের এলবিডব্লিউ সিদ্ধান্ত এবং শাই হোপের ক্যাচের ক্ষেত্রে টিভি আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টকের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন স্যামি।

চেজের ব্যাটে বল লাগার সম্ভাবনা থাকলেও আউটের সিদ্ধান্ত বহাল রাখা হয়। অপরদিকে, হোপের ব্যাট ছুঁয়ে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে ধরা পড়া একটি ক্যাচ ‘ক্লিন ক্যাচ’ বলে আউট ঘোষণা করা হয়, যা নিয়েও বিতর্ক তৈরি হয়।

এর আগের দিনও হোল্ডস্টক একটি বিতর্কিত সিদ্ধান্ত দেন। ট্রাভিস হেডের ক্যাচ শাই হোপ নিচু থেকে ধরলেও সেটিকে ‘নো-ক্যাচ’ বলে ঘোষণা করেন টিভি আম্পায়ার হোল্ডস্টক।

দ্বিতীয় দিনের খেলা শেষে সাংবাদিকদের সামনে স্যামি বলেন, ‘আপনি এমন অবস্থায় পড়তে চান না, যেখানে নির্দিষ্ট আম্পায়ারদের নিয়ে সন্দেহ জন্মে। কিন্তু একের পর এক সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেলে প্রশ্ন উঠতেই পারে—এই দলের বিরুদ্ধে কিছু আছে কি না?’

এই মন্তব্যকে আইসিসি তাদের আচরণবিধির ২.৭ ধারা অনুযায়ী ‘ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে অনুচিত ও প্রকাশ্য মন্তব্য” হিসেবে গণ্য করেছে। শাস্তি হিসেবে স্যামির ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নেওয়া হয় এবং তার নামের পাশে যোগ হয় একটি ডিমেরিট পয়েন্ট।

ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের কাছে স্যামি দোষ স্বীকার করে শাস্তি মেনে নেন।

LEAVE A REPLY