ছবিসূত্র : এএফপি
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের বুকান শহরের এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির প্রকাশ্যে ফাঁসি কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার এই ফাঁসি দেওয়া হয় বলে জানায় ইরানের বিচার বিভাগের ওয়েবসাইট মিজান অনলাইন।
বিচার বিভাগ জানায়, ভুক্তভোগী কিশোরীর পরিবার আইনি প্রক্রিয়ার শুরু থেকেই সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং তারাই প্রকাশ্যে ফাঁসির অনুরোধ করেছিলেন। প্রদেশের প্রধান বিচারপতি নাসের আতাবাতি বলেন, ‘এই মামলাটি সমাজে গভীর আবেগের প্রতিক্রিয়া সৃষ্টি করায় বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হয়েছে।
’
চলতি বছরের মার্চ মাসে ওই অভিযুক্তের মৃত্যুদণ্ড ঘোষিত হয় এবং পরবর্তীতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ আদালত সেটি বহাল রাখে। বিচারপতি আতাবাতি আরো বলেন, ‘ভুক্তভোগীর পরিবার ও জনগণের আবেগের প্রতি সম্মান জানিয়ে এবং সামাজিক প্রতিক্রিয়ার গুরুত্ব বিবেচনায় এই ফাঁসির রায় প্রকাশ্যে কার্যকর করা হয়।’
ইরানে সাধারণত প্রকাশ্যে মৃত্যুদণ্ড খুব বেশি দেখা না গেলেও ধর্ষণ ও হত্যার মতো গুরুতর অপরাধে তা দেওয়া হয়। প্রকাশ্যে মৃত্যুদণ্ড সাধারণত ফাঁসির মাধ্যমেই কার্যকর করা হয়।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংগঠনের তথ্যমতে, মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে ইরান বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ, চীনের পরেই। ইরানি আইনে ধর্ষণ ও হত্যার অপরাধে সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ড নির্ধারিত।
সূত্র : এএফপি











































