২০২৭ বিশ্বকাপে খেলবে রোহিত—বিশ্বাস ভারতের সাবেক ব্যাটারের

২০২৭ বিশ্বকাপে রোহিতকে দেখছেন কাইফ। ছবি : ক্রিকইনফো

ওয়ানডে বাদে অন্য দুই সংস্করণকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শেষে সীমিত সংস্করণের ব্যাট-প্যাডও তুলে রাখতে চান তিনি। তবে বয়স ৩৮ হওয়ায় বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

এই শঙ্কা আরো জোরালো হয়েছে রোহিতকে বাদ দিয়ে যখন শুবমান গিলকে অধিনায়কত্বের ভার দেওয়া হয়েছে।

তাই অনেকে মনে করছেন শুধু ওপেনার হিসেবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ে বিশ্বকাপে তার জায়গা পাওয়াটা কঠিন। কেননা তার বিকল্প অনেকেই আছেন ভারতীয় দলে। সঙ্গে আইসিসির টুর্নামেন্ট শুরুর সময় তার বয়স হবে ৪০ বছর।

নতুন অধিনায়ক গিল অবশ্য জানিয়েছেন, বিশ্বকাপে দেখা যাবে রোহিতকে।

ভারতীয় অধিনায়কের মতো বিশ্বাস মোহাম্মদ কাইফেরও। রোহিতের থাকাটা প্রয়োজন বলেও মনে করেন সাবেক ভারতীয় ব্যাটার। 

নিজের ইউটিউব চ্যানেলে কাইফ বলেছেন, ‘সে অবশ্যই বিশ্বকাপে খেলবে। দেখেন, তার কাছ থেকে অধিনায়কত্ব নেওয়া হলেও আমার বিশ্বাস যে ওপেনার হিসেবে রোহিত তার কাজ করতে পারবে।

দলে একজন অভিজ্ঞ ওপেনারের প্রয়োজন রয়েছে। একটা তরুণ দল নিয়ে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ খেলতে যেতে পারেন না।’

রোহিতকে কেন প্রয়োজন তার ব্যাখ্যা দিয়েছেন কাইফ। ওয়ানডে ও টেস্ট মিলিয়ে ১৩৮ ম্যাচ খেলা সাবেক ব্যাটার বলেছেন, ‘মাঝে মাঝে এই ধরনের সিমিং কন্ডিশনে বল প্রচুর মুভ করে এবং বাউন্স হয়। আপনি যদি নতুন খেলোয়াড়দের নেন তাহলে তারা উন্মোচিত হয়ে পড়বে।

এই কারণেই আমি মনে করি, একজন খেলোয়াড় প্রয়োজন যিনি বাউন্সকে মোকাবেলা করতে পারেন। উঁচুতে ওঠা বলকে হুক এবং কাট করতে পারে। রোহিত যেটা করে। এসব কন্ডিশনে রোহিত আরো ভালো পারফরম্যান্স করবে বলে আমার বিশ্বাস। সে উঁচুতে ওঠা বলে অভ্যস্ত। বাউন্সকে ভালোভাবে খেলতে পারে। খেলোয়াড়দের মধ্যে যদি কারো একজনের নাম নিতে হয় তাহলে এসব বলের বিপক্ষে খুবই কার্যকরী হচ্ছেন রোহিত।’

LEAVE A REPLY