অস্ট্রেলীয় নারী ক্রিকেট দল।
ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে দুই অস্ট্রেলীয় নারী ক্রিকেটারকে রাস্তায় অনুসরণ ও যৌন হয়রানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই দুই নারী ক্রিকেটার বর্তমানে ভারতে চলমান আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে অংশ নিচ্ছেন।
পুলিশের বরাতে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে। দুই ক্রিকেটার টিম হোটেল থেকে হেঁটে কাছের একটি ক্যাফেতে যাচ্ছিলেন।
এ সময় মোটরসাইকেল চালিয়ে এক ব্যক্তি তাদের পিছু নেয় এবং একপর্যায়ে এক ক্রিকেটারের সঙ্গে অশালীন আচরণ করে দ্রুত স্থান ত্যাগ করে।
খেলোয়াড়রা তৎক্ষণাৎ তাদের দলের নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্সের সঙ্গে যোগাযোগ করেন। তিনি স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের সহায়তায় দ্রুত তাদের নিরাপদে হোটেলে ফিরিয়ে আনেন।
পরে সহকারী পুলিশ কমিশনার হিমানি মিশ্রা দুই অস্ট্রেলীয় খেলোয়াড়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ঘটনার বিস্তারিত জবানবন্দি নেন।
এ ঘটনায় থানায় ভারতীয় দণ্ডবিধির ধারা ৭৪ (নারীর শ্লীলতাহানির উদ্দেশ্যে বলপ্রয়োগ) ও ৭৮ (পিছু নেওয়া বা স্টকিং)-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, এক প্রত্যক্ষদর্শী অভিযুক্তের মোটরসাইকেলের নম্বর লিখে রাখায় দ্রুত তাকে শনাক্ত করা সম্ভব হয়। পরে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে।
ইন্দোর পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিতে বাড়তি নজরদারি চালু করা হয়েছে।











































