হিরো আলম গ্রেপ্তার, যা বলছেন রিয়ামনি

সংগৃহীত ছবি

আশরাফুল আলম ওরফে হিরো আলম গ্রেপ্তার হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ।

প্রতিবেদকের সঙ্গে আলাপকালে হাতিরঝিল থানায় উপস্থিত ছিলেন রিয়ামনি। তিনি বলেন, ‘হিরো আলমকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে পুলিশ।

এ জন্য আমিও এসেছি। তারা এখন চালানের প্রক্রিয়া শুরু করেছে। ওকে চালান করে দেবে।

তিনি বলেন, আমিও খবর শুনেছি।আমার সঙ্গে হওয়া অপরাধের বিচার চাই। বাধ্য হয়ে আমি আইনের কাছে গিয়েছি। আইনের প্রতি আমার আস্থা ও ভরসা রয়েছে।

জানা গেছে, হিরো আলমের বিরুদ্ধে গত বুধবার (১২ নভেম্বর) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত।সেই প্রেক্ষিতেই আজ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে স্ত্রী রিয়ামনি মামলাটি করেন। এ মামলায় হিরো আলমের সঙ্গে আহসান হাবিব সেলিম নামের একজনকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী বলেন, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন।

তারা ঠিকমতো আদালতে হাজিরা দিচ্ছেন না। এজন্য আমরা তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করেছি। শুনানি শেষে তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। আজ মূল আসামি হিরো আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, সম্প্রতি হিরো আলম ও বাদী রিয়ামনির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এরপর হিরো আলম বাদীকে তালাক দিয়ে তার বাসা থেকে বের করে দেন। গত ২১ জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসার জন্য হাতিরঝিল থানাধীন একটি বাসায় তাদের ডাকা হয়। সেই সময় হিরো আলমসহ ১০-১২ অজ্ঞাতনামা ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল করেন। পরে তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন।

পাশাপাশি অভিযোগে বলা হয়েছে, এ সময় তার গলায় থাকা দেড় ভরি ওজনের সোনার চেইন চুরি করা হয়। এ ঘটনায় ২৩ জুন বাদী রিয়ামনি হাতিরঝিল থানায় মামলা করেন।

LEAVE A REPLY