কোহলি-ঋতুরাজের সেঞ্চুরিতে রানের পাহাড় ভারতের

ঋতুরাজ-কোহলি দুজনে সেঞ্চুরি করেছেন। ছবি : ক্রিকইনফো

সিরিজ নিশ্চিত করার ম্যাচে নেমে রানের পাহাড় গড়ল ভারত। ঋতুরাজ গায়কোয়াড় ও বিরাট কোহলির সেঞ্চুরিতে দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৩৫৯ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা।

রায়পুরে দলীয় ৬২ রানে ভারতের দুই ওপেনার যশ্বসী জয়সওয়াল ও রোহিত শর্মাকে আউট করে দারুণ শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে এরপরেও তাদের আনন্দ বিষাদে পরিণত হলো।

তৃতীয় উইকেটে ১৯৫ রানের দুর্দান্ত এক জুটি গড়ে ভারতকে বড় সংগ্রহের ভিত এনে দেন কোহলি-ঋতুরাজ।

এই জুটি গড়ার পথে ওয়ানডে ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরি তুলে নেন ঋতুরাজ। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির ইনিংসটি খেলেন ১০৫ রানের। ৮৩ বলের ইনিংসটিতে হাঁকান ১২ চার ও ২ ছক্কা।

তার মতো সেঞ্চুরি তুলে নিয়েছেন কোহলিও।

টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন কোহলি। তবে সতীর্থর মতো তিনিও শতকের ইনিংসটা পরে লম্বা করতে পারেননি। ১০২ রানে থেমেছেন লুঙ্গি এনগিডির বলে।

ক্যারিয়ারের ৫৩তম সেঞ্চুরির ইনিংস ২ ছক্কার বিপরীতে ৭ চার হাঁকিয়েছেন।

আর শেষ দিকে ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে সাড়ে তিন শোর্ধ্ব ইনিংস এনে দেন লোকেশ রাহুল। তাতে ভারতীয় অধিনায়ক টানা দ্বিতীয় ইনিংসে ফিফটি পেয়েছেন। প্রথম ওয়ানডেতে খেলেছেন ৬০ রানের ইনিংস। সবমিলিয়ে ৫ উইকেট হারিয়ে ৩৫৮ রান করেছে ভারত।

সর্বোচ্চ ২ ‍উইকেট নিয়েছেন মার্কো ইয়ানসেন।

LEAVE A REPLY