সংগৃহীত ছবি
গেল বছর শীতে চুটিয়ে প্রেম করেছিলেন, কিন্তু এ বছর ‘সিঙ্গেল’ টলিউড অভিনেত্রী সৌরসেনী মৈত্র। অন্তত তার কথায় এমনটাই বোঝা যায়। এ জন্য একটি বিষয় নিয়ে আক্ষেপে পুড়ছেন অভিনেত্রী, সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলাসা করলেন নিজেই।
একসময় ব্যবসায়ী নিখিল জৈনের ব্যাবসায়িক প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত ছিলেন সৌরসেনী।
সেই সূত্রেই বাড়ে দুজনের ঘনিষ্ঠতা, যা পরে মন দেওয়া-নেওয়ায় গড়ায়। এ বছরের শুরুতে তেমনটাই প্রকাশ্যে এনেছিলেন সৌরসেনী। তবে এবার অভিনেত্রীর মন্তব্যে যেন বিচ্ছেদের সুর।
সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সৌরসেনী।
সেখানেই শীতকালের প্রসঙ্গ টেনে এক আক্ষেপের কথা বলেন তিনি, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

মজার ছলে অভিনেত্রী বলেন, ‘একটা জিনিস এবারের শীতে আমার খুব মিস হয়ে যাবে। আমি বয়ফ্রেন্ডের (প্রেমিক) কাছ থেকে তার হুডি চুরি করতাম। এবার আর সেটা হবে না।
মনে হয় এবার আমাকে একটা হুডি কিনতে হবে। এবার আর চুরি করা যাবে না।’
অভিনেত্রীর এমন মন্তব্যে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন ভক্ত-অনুরাগীরা। তাদের প্রশ্ন, তবে কি সৌর-নিখিল আলাদা হয়ে গেলেন। যদিও এ বিষয়ে দুজনের কেউই আলাদাভাবে কিছু বলেননি।
বলা দরকার, নিখিল জৈন টলিউডের আরেক নায়িকা নুসরাত জাহানের সাবেক স্বামী। নুসরাতের সঙ্গে বিয়ে ভাঙার পরেই সৌরসেনীর সঙ্গে সম্পর্কে জড়ান তিনি, এমনটাই গুঞ্জন।
এদিকে টলিউডের বাইরে সৌরসেনীর বলিউডে অভিষেক হয়েছে আগেই। এর আগে হিন্দি সিরিজে অভিনয় করেছিলেন অভিনেত্রী। তবে এবার মনীষ মালহোত্রার প্রযোজনা সংস্থার সিনেমা দিয়ে বলিউড সিনেমায় হাতেখড়ি হলো সৌরসেনীর। আপাতত তাই আনন্দে ভাসছেন তিনি।
টিসকা চোপড়া পরিচালিত ‘শালি মোহাব্বাত’ ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সৌরসেনী। এই ছবিতে আরো অভিনয় করেছেন রাধিকা আপ্তে, অনুরাগ কাশ্যপ, দিব্যেন্দু শর্মা, অংশুমান পুষ্কর প্রমুখ।










































