ছবি : রয়টার্স
ওল্ড ট্র্যাফোর্ডে বৃহস্পতিবার রাতে জয় প্রায় হাতের মুঠোয় এসেছিল। কিন্তু ৮৩তম মিনিটে সফরকারীদের খেলোয়াড় সাউংউতু মাগাসার গোল সব হিসাব এলোমেলো করে দিল। ফলে ওয়েস্ট হামের সঙ্গে ১-১ ড্র করেই মাঠ ছাড়তে হলো ম্যানচেস্টার ইউনাইটেডকে।
ম্যাচ শেষে রাগ-হতাশায় কণ্ঠ ভারী হয়ে উঠল কোচ রুবেন আমোরিমের।
‘হতাশ, রাগান্বিত, এই তো,’ সংক্ষিপ্ত জবাব তার।
ডিয়োগো দালোতের গোলেই প্রথমার্ধে এগিয়ে যায় ইউনাইটেড। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখলেও এক মুহূর্তের ঢিলেমিতেই সর্বনাশ। একটি নিরীহ দেখানো লং বল লেনি ইয়োরোর মাথার ওপর দিয়ে বাউন্স করে যায়।
পরিস্থিতি সামাল দিতে না পেরে কর্নার উপহার দেন জারড বোয়েন, সেখান থেকেই গোল তুলে নেন মাগাসা।
এই গোলের ধরনই আমোরিমকে সবচেয়ে বেশি বিরক্ত করেছে।
তিনি বলেন, ‘অনেক ম্যাচেই দ্বিতীয়ার্ধে আমরা নিয়ন্ত্রণ হারাই, কিন্তু আজ তেমন হয়নি। প্রথম গোলের পর কিছু সেকেন্ড বল হারিয়েছি।
আমরা সব সময় গোল থেকে দূরে থেকেই ডিফেন্ড করার চেষ্টা করি। কিন্তু গোলটা এসেছে একটা লং বল থেকে। তিনজন থাকলেও আমরা সেকেন্ড বলটা জিততে পারিনি। আমাদের আরো ভালো হতে হবে। এত লম্বা দেহের খেলোয়াড় নিয়ে গড়া দলের কাছে আমরা এভাবে কর্নার দিতে পারি না।
’
ড্রয়ের ফলে ১৪ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলে অষ্টম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্সেনাল।








































