বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া, দলে জায়গা পেয়েও ছিটকে গেলেন কামিন্স-হ্যাজলউড

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। ইনজুরির কারণে অভিজ্ঞ দুই পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডকে আসন্ন টুর্নামেন্টের প্রস্তুতি থেকে আপাতত বাদ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি।

এর আগে কামিন্স ও হ্যাজলউড দুজনকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছিল।

তবে নিজ নিজ চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় শেষ পর্যন্ত তাদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচকরা। এর প্রভাব পড়েছে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও, এই সিরিজে অস্ট্রেলিয়া দলে থাকছেন না দুই তারকা পেসার।

গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জর্জ বেইলি জানান, বিশ্বকাপে কামিন্সের খেলা নিয়ে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়েছে। তিনি বলেন, ‘আমি মনে করি না তারা পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুত থাকবে।

তবে বিশ্বকাপের সময় দুজনই দলে যোগ দিতে পারবে বলে আমরা আশাবাদী।’

কামিন্সের ক্ষেত্রে ফিরতে একটু দেরি হতে পারে বলেও ইঙ্গিত দেন নির্বাচক প্রধান। বেইলি যোগ করেন, ‘প্যাট কামিন্স হয়তো কিছুটা পরে ফিরবে। এটি ৫০ ওভারের বিশ্বকাপে ট্রাভিস হেডের পরিস্থিতির মতো হতে পারে, যেখানে নির্দিষ্ট একটি সময়ের পর দলে যোগ দেওয়ার সুযোগ থাকে।

আমরা সেই সময় পর্যন্ত তাকে স্কোয়াডে রেখে ম্যানেজ করার চেষ্টা করব।’

অন্যদিকে হ্যাজলউডের ফিটনেস নিয়ে তুলনামূলকভাবে আত্মবিশ্বাসী ক্রিকেট অস্ট্রেলিয়া। বেইলির ভাষায়, “‘হফ’ (হ্যাজলউড) শুরু থেকেই খেলার জন্য প্রস্তুত থাকবে বলেই মনে হচ্ছে। তবে প্রয়োজনে স্কোয়াডে সামান্য পরিবর্তন আনতে হতে পারে।’

LEAVE A REPLY