আকাশসীমা আবার খুলে দিল ইরান

ছবিসূত্র : রয়টার্স

ইরান সব ফ্লাইটের জন্য আবার আকাশসীমা খুলে দিয়েছে। প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর এ সিদ্ধান্ত জানানো হয়। এর আগে তেহরান এক জরুরি নোটিশে আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করার কথা জানিয়েছিল। ইরানের আকাশসীমা বন্ধ থাকায় বিশ্বের বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট বাতিল হয়েছে, রুট পরিবর্তন হয়েছে এবং সময়সূচিতে বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বুধবার বিকেল ৫টা ১৫ মিনিটে (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) ইরান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। ওই সময়ে জানানো হয়, বিশেষ অনুমতিপ্রাপ্ত আন্তর্জাতিক ফ্লাইট ছাড়া অন্য কোনো উড়োজাহাজ ইরানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় ইরান এই পদক্ষেপ নিয়েছিল। এর আগে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও লুফথানসা ইরানের আকাশসীমা এড়িয়ে চলার ঘোষণা দিয়েছিল।

ফ্লাইট পর্যবেক্ষক ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪ জানায়, বুধবার রাত ১০টার (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) কিছু আগে আকাশসীমা বন্ধের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরই ইরানের তিনটি প্রধান এয়ারলাইনস—মাহান এয়ার, ইয়াজদ এয়ারওয়েজ ও আভা এয়ারলাইনস—মোট পাঁচটি ফ্লাইট পুনরায় উড্ডয়ন শুরু করে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস এক বিবৃতিতে জানিয়েছেন, পরিস্থিতি এখন ‘নিয়ন্ত্রণে’ রয়েছে। তবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে কিছু সময় লাগতে পারে।

ইরানে চলমান সরকারবিরোধী সহিংস বিক্ষোভের কারণে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। ইরানও পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে। এদিকে ইরান প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছে, যদি যুক্তরাষ্ট্র কোনো হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদেশের ঘাঁটিতে পাল্টা আক্রমণ করা হবে।

সূত্র : রয়টার্স

LEAVE A REPLY