সংগৃহীত ছবি
বলিউডে অরিজিৎ সিং ও সালমান খানের সম্পর্ক নিয়ে চর্চা নতুন নয়। এক সময়ের তিক্ততা, প্রকাশ্যে ক্ষমা, আবার সম্পর্কের স্বাভাবিক হওয়া—সব মিলিয়ে তাঁদের সমীকরণ বহুবার শিরোনামে এসেছে। আর সেই পুরোনো অধ্যায়ই নতুন করে আলোচনায় ফিরে এসেছে অরিজিতের প্লে-ব্যাক থেকে সরে যাওয়ার ঘোষণার পর।
মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে অরিজিৎ সিং জানিয়ে দেন, সিনেমার গানে আর কণ্ঠ দেবেন না তিনি।
অর্থাৎ প্লে-ব্যাক ক্যারিয়ারে ইতি টানছেন জনপ্রিয় এই গায়ক। ঘোষণার পরই নেটদুনিয়ায় শুরু হয় নানা জল্পনা। এর মধ্যেই অনেকের নজর কাড়ে একটি বিষয়—এই ঘোষণার ঠিক আগে যে গানটি মুক্তি পেয়েছে, সেটি সালমান খানের ছবির।
সম্প্রতি অন্তর্জালে মুক্তি পেয়েছে সালমান খানের অভিনীত ছবি ‘ব্যাটল অব গালওয়ান’-এর গান ‘মাতৃভূমি’।
গানটিতে শ্রেয়া ঘোষালের সঙ্গে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। এরপরই আসে গায়কের প্লে-ব্যাক থেকে অবসর নেওয়ার ঘোষণা। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—তাহলে কি সালমানের ছবির এই গানটিই অরিজিতের শেষ প্লে-ব্যাক গান?
এই কারণেই অরিজিতের সিদ্ধান্তের সঙ্গে ফের একবার জুড়ছে সালমান খানের নাম। নেটিজনদের একাংশ বিষয়টিকে নিছক কাকতালীয় বললেও, কেউ কেউ পুরোনো দ্বন্দ্বের প্রসঙ্গ টেনে নানা মন্তব্য করছেন।
উল্লেখ্য, ২০১৪ সালে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অরিজিৎ ও সালমানের মধ্যে প্রকাশ্য অস্বস্তির সূত্রপাত হয়। সেই অনুষ্ঠানে সাদামাঠা পোশাকেই হাজির হয়েছিলেন অরিজিৎ। মঞ্চে পুরস্কার নিতে ওঠার সময় সালমান তাকে প্রশ্ন করেন, দর্শকাসনে বসে তিনি ঘুমিয়ে পড়েছিলেন কি না। হঠাৎ এমন প্রশ্নে থতমত খেয়ে অরিজিতের উত্তর ছিল, “আপনারাই তো ঘুম পাড়িয়ে দিলেন।”
ঘটনার পর মঞ্চ থেকে নেমে সরাসরি বেরিয়ে যান অরিজিৎ, যা সালমানের বিরক্তির কারণ হয়।
সে সময় ভাইজানের মনে হয়েছিল, তাঁকে প্রকাশ্যে অপমান করা হয়েছে। যদিও পরে অরিজিৎ বিষয়টি বোঝানোর চেষ্টা করেন এবং প্রকাশ্যে ক্ষমাও চান। তবু দীর্ঘদিন তাঁদের সম্পর্ক স্বাভাবিক ছিল না। এমনকি ‘বাজরাঙ্গী ভাইজান’ ছবিতে প্রীতমের সুরে অরিজিতের গাওয়ার কথা থাকলেও সেই গান আর ছবিতে রাখা হয়নি।
তবে সময়ের সঙ্গে সেই দূরত্ব ঘুচেছে। সাম্প্রতিক বছরগুলোতে সালমান নিজেই অরিজিতকে তাঁর বন্ধু বলে উল্লেখ করেছেন। আর সেই বন্ধুত্বের আবহেই ‘ব্যাটল অব গালওয়ান’-এ ফের শোনা গেল অরিজিতের কণ্ঠ।
এখন গায়ক নিজেই যখন প্লে-ব্যাক থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন, তখন তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত গানটি সালমান খানের ছবির হওয়ায় আলোচনা আরও তীব্র হয়েছে। যদিও অরিজিৎ স্পষ্ট করে জানিয়েছেন, তিনি গান ছাড়ছেন না, শুধু সিনেমার প্লে-ব্যাক থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন।
তবু বলিউডে অরিজিৎ–সালমান অধ্যায় যে আবারও নতুন করে আলোচনার কেন্দ্রে, তা বলাই যায়।











































