ছবি : রয়টার্স
ইতালিয়ান ক্লাব আতালান্তা থেকে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদে যোগ দিচ্ছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড আদেমোলা লুকমান। ক্লাব সূত্রে জানানো হয়েছে, চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ইতিমধ্যে মাদ্রিদে আছেন ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।
২০২২ সালে আতালান্তায় যোগ দেওয়ার আগে ইংলিশ ক্লাব ফুলহ্যাম ও লেস্টার সিটির হয়ে খেলেছেন লুকমান। এ ছাড়া জার্মান ক্লাব লাইপজিগ এবং ইংলিশ প্রিমিয়ার লিগের এভারটনের জার্সিতেও মাঠে নেমেছেন তিনি।
আতালান্তার হয়ে ক্যারিয়ারের সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন লুকমান। ক্লাবটির জার্সিতে ১৩৭ ম্যাচে তিনি ৫৫ গোল করার পাশাপাশি করেছেন ২৭টি অ্যাসিস্ট।
আন্তর্জাতিক অঙ্গনে নাইজেরিয়ার হয়ে সদ্য সমাপ্ত আফ্রিকা কাপ অব নেশন্সে তিনটি গোল করেন লুকমান। তবে সেমিফাইনালে মরক্কোর কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় নাইজেরিয়া।
লা লিগার বর্তমান পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে নয় পয়েন্ট ও শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আতলেতিকো মাদ্রিদ।










































