মার্শের অণ্ডকোষের ভেতরে রক্তক্ষরণ, বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা

অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা জেগেছে। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা করেছে অস্ট্রেলিয়া। কলম্বোয় আজ নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৬৭ রানে জিতেছে তারা। 

কিন্তু এর আগেই বড়সড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। অনুশীলনে চোট পেয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন অধিনায়ক মিচেল মার্শ।

তর বিকল্প হিসেবে জরুরি ভিত্তিতে শ্রীলঙ্কায় উড়িয়ে নেওয়া হচ্ছে স্টিভেন স্মিথকে।

স্মিথ অবশ্য সরাসরি স্কোয়াডে ঢুকছেন না। তিনি বর্তমানে স্ট্যান্ডবাই হিসেবে শ্রীলঙ্কায় যাচ্ছেন। মার্শ যদি পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যান, তবেই স্মিথ মূল দলে জায়গা পাবেন।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আজ এক বিবৃতিতে জানিয়েছে, ‘অনুশীলনে সরাসরি বলের আঘাত পাওয়া মিচেল মার্শ প্রথম ম্যাচে খেলতে পারছেন না। তিনি এখনো বেশ ব্যথা অনুভব করছেন। এর ফলে তার নড়াচড়া করাও কঠিন হয়ে পড়েছে।’

স্ক্যান করার পর চিকিৎসকেরা জানিয়েছেন, মার্শের অণ্ডকোষের ভেতরে রক্তক্ষরণ হচ্ছে।

এ অবস্থায় তাকে পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি কবে মাঠে ফিরতে পারবেন, তা নির্ভর করছে শারীরিক পরিস্থিতির উন্নতি ও চিকিৎসকদের সবুজ সংকেতের ওপর।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই অস্ট্রেলিয়া দল চোটজর্জর হয়ে পড়েছে। চোটের কারণে ছিটকে গেছেন দুই তারকা পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড।

অস্ট্রেলিয়ার পরের ম্যাচ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জিম্বাবুয়ের বিপক্ষে।

LEAVE A REPLY