শেষ ষোলোতে নিউক্যাসল ও লেভারকুসেন

কারাবাগকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬-তে জায়গা করে নিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। মঙ্গলবার ঘরের মাঠ ‘সেন্ট জেমস’ পার্কে ৩-২ গোলে হারিয়ে (দুই লেগ মিলিয়ে ৯-৩ ব্যবধানে) শেষ ষোলো নিশ্চিত করে ইংলিশ ক্লাবটি। 

গত সপ্তাহে বাকুতে প্রথম লেগে নিউক্যাসল ৬-১ গোলে জয় পাওয়ায় এই ম্যাচের ফল অনেকটাই নিশ্চিত ছিল। শুরুটা ছিল দুর্দান্ত, চতুর্থ মিনিটে সান্দ্রো টোনালি এবং ষষ্ঠ মিনিটে জোয়েলিন্টনের গোলের মাধ্যমে মাত্র ৮০ সেকেন্ডের ব্যবধানে ২-০ এগিয়ে যায় নিউক্যাসল।

তবে প্রথম লেগের মতো গোলবন্যা আর দেখা যায়নি। দ্বিতীয়ার্ধে কারাবাগ কিছুটা ঘুরে দাঁড়ায়। ৫১তম মিনিটে কামিলো দুরান একটি গোল শোধ করেন। কিন্তু এক মিনিট পর কিয়েরান ট্রিপিয়ারের কর্নার থেকে হেড করে স্ভেন বটম্যান নিউক্যাসলের তৃতীয় গোলটি করেন, এটি ছিল তার প্রথম চ্যাম্পিয়নস লিগ গোল।

পরে কারাবাগ আবার ব্যবধান কমিয়ে ৩-২ করে। মার্কো জানকোভিচের নেওয়া পেনাল্টি অ্যারন রামসডেল ঠেকালেও ড্যান বার্নের হ্যান্ডবলের পর এলভিন জাফারগুলিয়েভ গোল করেন।

ম্যাচ জয়ের পর নিউক্যাসল কোচ এডি হাওয়ে বলেন, ‘২-০ এগিয়ে যাওয়ার পর আমরা কিছুটা ঢিলে দিয়েছিলাম। যদিও দুই লেগ মিলিয়ে ফলাফল চমৎকার, আজকের জয়টা কিছুটা ফাঁপা মনে হচ্ছে।

নিউক্যাসল এখন শেষ ১৬-তে বার্সেলোনা বা চেলসির মুখোমুখি হবে। ড্র হবে শুক্রবার। এটি নিউক্যাসলের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ওঠা।

লেভারকুসেনের ড্রয়েই শেষ ১৬ নিশ্চিত

বায়ার লেভারকুসেন মঙ্গলবার অলিম্পিয়াকোসের সঙ্গে গোল শূন্য ড্র করে (দুই লেগ মিলিয়ে ২-০ ব্যবধানে) শেষ ১৬ নিশ্চিত করেছে।

প্রথম লেগে প্যাট্রিক শিকের জোড়া গোলে জয় পাওয়ায় জার্মান দলটি সুবিধাজনক অবস্থানে ছিল।

গোলশূন্য ম্যাচে আলেক্স গ্রিমালদো একবার ক্রসবারে বল লাগান।

লেভারকুসেন গোলরক্ষক ইয়ানিস ব্লাসভিচ বলেন, ‘আমরা আমাদের লক্ষ্য পূরণ করেছি। সামনে বায়ার্ন মিউনিখ বা আর্সেনালের মতো শক্তিশালী দল অপেক্ষা করছে।’

অলিম্পিয়াকোস শেষ দিকে বেশ চাপ সৃষ্টি করলেও লেভারকুসেন ড্র ধরে রেখে শেষ ১৬-তে জায়গা করে নেয়।

LEAVE A REPLY