সংগৃহীত ছবি
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের মঞ্চ শুধু সিনেমার জয়গান নয়, বরং প্রতিবাদের মঞ্চ হিসেবেও নজর কেড়েছে। বিশেষ করে স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেমের যুদ্ধবিরোধী অবস্থান এবং ফিলিস্তিনের প্রতি সমর্থন এখন আলোচনার কেন্দ্রে।
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের পুরস্কার দিতে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের সাথে মঞ্চে ওঠেন অস্কারজয়ী অভিনেতা হাভিয়ের বারদেম। পুরস্কার ঘোষণার আগে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, ‘যুদ্ধকে না বলুন এবং ফিলিস্তিনকে স্বাধীন করুন।’ তার এই সাহসী বক্তব্যে উপস্থিত দর্শকরা হাততালি দিয়ে সমর্থন জানান। পাশেই থাকা প্রিয়াঙ্কা চোপড়াকে তখন হাসিমুখে মাথা নেড়ে সম্মতি জানাতে দেখা যায়।
হাভিয়ের বারদেমের পোশাকে দুটি বিশেষ পিন বা ব্যাজ সবার নজর কেড়েছে। তিনি ‘নো আ লা গুয়েরা’ (যুদ্ধে না) লেখা একটি পিন পরেছিলেন।
মজার ব্যাপার হলো, এটি সেই একই ব্যাজ যা তিনি ২০০৩ সালে ইরাক যুদ্ধের প্রতিবাদে পরেছিলেন। দীর্ঘ ২৩ বছর পর ট্রাম্প ও নেতানিয়াহুর নেতৃত্বে চলা যুদ্ধের প্রতিবাদে তিনি এটি পুনরায় ধারণ করেন। তার অন্য ব্যাজটিতে ছিল হান্দালা নামক একটি কার্টুন চরিত্র, যা ফিলিস্তিনি প্রতিরোধের বিশ্বখ্যাত প্রতীক।
রেড কার্পেটে দাঁড়িয়ে বারদেম ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে গাজায় যা ঘটছে তা একটি অবৈধ যুদ্ধ এবং এতে অসংখ্য নিরপরাধ মানুষ প্রাণ হারাচ্ছে।
মঞ্চে বারদেমের সাথে উপস্থিত থেকে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস আবারও অস্কারের সাথে তার দীর্ঘদিনের সম্পর্কের জানান দিলেন। ২০১৬ সালে প্রথমবার উপস্থাপক হিসেবে অস্কারে যোগ দেওয়ার পর এবারও আন্তর্জাতিক এই মঞ্চে তার উপস্থিতি ছিল উজ্জ্বল ও মার্জিত।
সূত্র : ফিল্মফেয়ার











































