পাকিস্তানি ব্র্যান্ডের শুভেচ্ছাদূত আলিয়া? তোপের মুখে অভিনেত্রী

সংগৃহীত ছবি

ভারতে পাকিস্তানি সিনেমার মুক্তি নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ভারতীয় চলচ্চিত্রে পাকিস্তানি অভিনেতাদের সঙ্গে কাজও হচ্ছে না। এমনকি পাকিস্তানি অনেক তারকার ইনস্টাগ্রাম পেজও ভারতে দেখা যায় না। এর মধ্যেই পাকিস্তানের একটি পোশাক ব্র্যান্ডে আলিয়া ভাটের ছবি দেখে বিস্মিত হয়েছেন ভক্তরা।

প্রথমে অনেকেই ধারণা করেছিলেন, আলিয়া হয়তো পাকিস্তানের কোনো ব্র্যান্ডের জন্য ফটোশুট করেছেন। তবে পরে জানা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে আলিয়ার ছবি ব্যবহার করে একটি পাকিস্তানি পোশাক ব্র্যান্ড নিজেদের পণ্যের প্রচার চালাচ্ছে।

ব্র্যান্ডটির নাম ওয়াজায়েশ। তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে আলিয়ার বিভিন্ন পোশাক পরা একাধিক ছবি প্রকাশ করা হয়েছে।

সেই পোস্টে লেখা হয়েছে, ‘এমনকি আলিয়া ভাটও আমাদের পিওর শিষা সিল্ক কালেকশন পছন্দ করেন।’

পোস্টটি প্রকাশের পর নেটদুনিয়ায় শুরু হয় তুমুল আলোচনা। একজন মন্তব্য করেন, ‘আলিয়া হয়তো জানেনই না তাঁর ছবি কোথায় ব্যবহার করা হচ্ছে।’ আরেকজন লেখেন, ‘এআই ব্যবহার করে ভুয়া মার্কেটিং।

’ কেউ বলেন, ‘আলিয়ার নামে প্রতারণা করা হচ্ছে।’ আবার আরেকজনের মন্তব্য, ‘এটি সস্তা ধরনের এআই মার্কেটিং।’

এ ঘটনায় এখনো আলিয়া ভাট বা তাঁর টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

সর্বশেষে আলিয়াকে দেখা গেছে ‘জিগরা’ সিনেমায়। সেখানে তাঁর সহশিল্পী ছিলেন বেদাঙ্গ রায়না।

আলিয়া প্রযোজিত এই সিনেমাটি প্রত্যাশিত সাড়া পায়নি। আগামীতে তাঁকে দেখা যাবে ‘আলফা’ এবং ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায়।

LEAVE A REPLY