সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, নৃতাত্ত্বিক পরিচয় ভিন্ন হলেও এ দেশের প্রতিটি নাগরিকের অভিন্ন পরিচয় হলো ‘বাংলাদেশি’। বহুত্ববাদী সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতিই বাংলাদেশের উন্নয়নের মূল চালিকাশক্তি।
বুধবার (১৪ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে ‘ফার্স্ট বুদ্ধিস্ট কালচারাল ফেস্ট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিনি এ কথা বলেন। পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ এবং সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ অ্যান্ড কালচার যৌথভাবে এই উৎসবের আয়োজন করে।
মন্ত্রী বলেন, সংবিধানে আইনের দৃষ্টিতে সব নাগরিক সমান। গণতান্ত্রিক সমাজে বৈচিত্র্যই সৌন্দর্য এবং এই বৈচিত্র্যের মধ্যেই ঐক্য প্রতিষ্ঠা করতে চায় বর্তমান সরকার।প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সংস্কৃতিমনস্ক বাংলাদেশ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।
অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এবং কলা অনুষদের ডিন প্রফেসর মো. আবুল কালাম সরকার।
বক্তারা বলেন, গৌতম বুদ্ধের অহিংসা ও মৈত্রীর শিক্ষা বর্তমান বিশ্বের অস্থিরতা দূর করে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।উৎসবের সাংস্কৃতিক পর্বে বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়।











































