সিলেট টেস্টে লিটন-রিজওয়ানের কথার লড়াইয়ের মুহূর্ত।
সিলেট টেস্টে শুধু ব্যাট-বলের লড়াইই দেখেননি দর্শক-সমর্থকরা। দেখেছেন বাংলাদেশ-পাকিস্তান দুই দলের ক্রিকেটারদের মধ্যে তর্কযুদ্ধও।বিশেষ করে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে লিটন দাসের কথার লড়াই তো বেশ জমে উঠেছিল।
দুজনের তর্ক-বিতর্ক থামাতে পরে আম্পায়ারকে হস্তক্ষেপ করতে হয়েছে। তাতে অবশ্য শেষ হয়নি। কেননা আম্পায়ারের হস্তক্ষেপের পর রিজওয়ানকে স্লেজিং করতে লিটনের সঙ্গে যুক্ত হন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমও।তবে মাঠে না হলেও নাস্তার টেবিলে তাদের ঝামেলা শেষ হয়েছে এমনটা দাবি করছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
রিজওয়ান-লিটনের দ্বন্দ্ব মিটমাট করার বিষয়টি পাকিস্তানের এআরওয়াই নিউজকে জানিয়েছেন মুশতাক। তিনি বলেছেন, ‘নাশতার টেবিলে রিজওয়ান-লিটনের সঙ্গে কথা বলে বিষয়টা মিটমাট করে দিয়েছি। তাদের মধ্যে আর কোনো সমঝোতা নেই।’
দলের কৌশল অনুসরণ করতে গিয়ে রিজওয়ান-লিটন মনোযোগ হারিয়ে ফেলায় এমনটা হয়েছে জানিয়ে মুশতাক বলেছেন, ‘আমার মনে হয় সে (রিজওয়ান) কৌশলগতভাবেই এটা (বোলারদের থামিয়ে দেওয়া) করে যাচ্ছিল। প্রতিপক্ষকে হতাশায় ডুবাতে কিছু বিষয় সে জেনেবুঝেই করে। সে সময় তাই নিজেদের বলয় থেকে বেরিয়ে এসেছিল। খেলার পরিকল্পনা দূরে সরে গিয়েছিল এবং মনোযোগ হারিয়েছিল তারা।’
লিটনকে পরামর্শও দিয়েছেন মুশতাক।বাংলাদেশের স্পিন বোলিং কোচ বলেছেন, ‘আমি তাকে (লিটন) সীমা অতিক্রম না করার পরামর্শ দিয়েছি। সঙ্গে অন্যায্য মন্তব্য না করারও।’
তবে স্লেজিংকে টেস্ট ক্রিকেটের অংশ মনে করে মুশতাক বলেছেন, ‘টেস্ট ক্রিকেটের সৌন্দর্যের একটা অংশ এটি। একপক্ষ আরেকপক্ষকে হতাশ এবং টিজ করবে। প্রতিপক্ষকে তাদের পরিকল্পনা এবং মাইন্ডসেট থেকে বিরত রাখতে চেষ্টা করবে। কৌশলগতভাবে এটি একটি স্মার্ট পন্থা। এমনটা অস্ট্রেলিয়ানরা প্রচুর করে।’
সিলেট টেস্টে লিটন-রিজওয়ানের মধ্যেকার কথা কাটাকাটি ধরা পড়েছে স্টাম্প মাইকে। সেটাই নিচে হুবহু তুলে ধরা হলো—লিটন ‘কি হলো? কি করছেন?’ রিজওয়ান ইশারা দিয়ে বলেন, ‘তাকিয়ে দেখ ওদিকে…।’
লিটন এবার বলেন, ‘প্রতি বলেই এমন করছেন, সব বলেই…।’ রিজওয়ানের উত্তর, ‘এরকম তো হচ্ছেই…!’ লিটনের উত্তর, ‘ওদিকে তাকানোর কি দরকার? ব্যাটিং করুন…!’ উত্তেজিত কণ্ঠে রিজওয়ান বলেন, ‘এটা কি তোমার কাজ?’ লিটনের উত্তর, ‘আপনি প্রতি বলেই ডিস্টার্ব করছেন…।’
আম্পায়ারের হস্তক্ষেপে সে সময় মিটমাট হওয়ার পর ম্যাচ শুরু হলে লিটনের সঙ্গে এবার যোগ দেন অধিনায়ক শান্ত। শুরুটা লিটন করেন এভাবে, ‘কিছু রান করেছে, এখন অভিনয় শুরু করে দেবে।’ শান্ত বলেন, ‘অতি অভিনয়ের জন্য পঞ্চাশ পয়সা কেটে রাখা হবে।’











































