অনুশীলনের সময় সতীর্থ খালেদের সঙ্গে মুশফিকের খুনসুটি।
পুরো বিশ্ব যখন ফুটবল বিশ্বকাপ নিয়ে মাতবে ঠিক সে সময় ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। কেননা জুন মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাবেন নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা।
আজ পূর্ণাঙ্গ সিরিজটির সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। এক টেস্টের বিপরীতে ৩টি করে ওয়ানডে-টি-টোয়েন্টি খেলবে দুই দল। সিরিজটি শুরু হবে একমাত্র টেস্ট দিয়ে। দীর্ঘ সংস্করণের ম্যাচটি হবে হারারে স্পোর্টস ক্লাবে আগামী ২৮ জুন।
একই মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ৬ জুলাই শুরু হয়ে বাকি দুটি হবে ৯ ও ১১ জুলাই। টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে ১৫ জুলাই। দ্বিতীয়টি হবে ১৭ জুলাই।আর শেষটি যেদিন হবে সেদিন আবার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল। অর্থাৎ, ১৯ জুলাই। সব ম্যাচ হবে বুলাওয়ে কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে।
সর্বশেষ ২০২২ সালে জিম্বাবুয়ে সফরে গিয়েছিল বাংলাদেশ। সেবার তিক্ত অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছে।সমান ৩ ম্যাচের দুটি সিরিজই ২-১ ব্যবধানে হেরেছে। এবার লিটন-মেহেদী হাসান মিরাজদের প্রতিশোধ নেওয়ার পালা।











































