বাংলাদেশ দলের ফাস্ট বোলার নাহিদ রানা। ছবি: মীর ফরিদ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ বছর পর ওয়ানডে জিতেছে বাংলাদেশ। মিরপুরে গতকাল বাংলাদেশের বড় জয়ে নাহিদ রানা চমৎকার বোলিং (৪১ রানে ৪ উইকেট) করেছেন।সেটির ইতিবাচক প্রভাব পড়েছে আইসিসি র্যাংকিংয়ে।
ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে বিশাল লাফ দিয়েছেন আলোচিত ফাস্ট বোলার নাহিদ। ব্যাট হাতে আলো ছড়িয়ে উন্নতি করেছেন নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসানও।
আজ বুধবার (১০ জুন) হালনাগাদ র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি।যেখানে ওয়ানডে বোলারদের মধ্যে ২৩ ধাপ এগিয়েছেন নাহিদ। ব্যাটারদের তালিকায় শান্তর অগ্রগতি দুই ধাপ, তানজিদের সাত।
ওয়ানডের বোলারদের র্যাংকিংয়ে এখন ২৪তম স্থানে আছেন নাহিদ, যা তার ক্যারিয়ারসেরা। বাংলাদেশের বোলারদের মধ্যে তার ওপরে আছেন শুধু একজন@অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।আগের মতোই ৮ নম্বরে অবস্থান করছেন মিরাজ।
কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৪ রান দিয়ে ২ উইকেট নেওয়া অভিজ্ঞ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের অগ্রগতি দুই ধাপ, অবস্থান ৩৭তম। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ১৩ ধাপ এগিয়ে এখন ৩১তম স্থানে নাথান এলিস।
ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসেনি। ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, বোলিংয়ে আফগানিস্তানের রশিদ খান ও অলরাউন্ডার তালিকায় রশিদের স্বদেশি আজমতউল্লাহ ওমরজাই যথারীতি ১ নম্বরে আছেন।
তবে টেস্ট ব্যাটারদের র্যাংকিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন ইংল্যান্ডের জো রুট। তার জায়গা নিয়েছেন সতীর্থ হ্যারি ব্রুক।










































