ব্রাজিলে গুলিতে প্রাণ গেল ফুটবলারের

সংগৃহীত ছবি

ব্রাজিলের সাও পাওলোর যুব দলের সাবেক প্রতিশ্রুতিশীল ফুটবলার মিকায়েল লিয়ান্দ্রো (১৫) গুলিতে নিহত হয়েছেন। ভয়াবহ এই ঘটনাটি ঘটে আলাগোয়াস অঙ্গরাজ্যের রাজধানী মাসেওর পন্তাল দা বাররা এলাকায়।মাঠে তখন একটি প্রীতি ফুটবল ম্যাচ চলছিল। ব্রাজিলের জনপ্রিয় সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তে খবরটি নিশ্চিত করেছে।

পুলিশের ধারণা, কিশোর ফুটবলারকে মূলত ‘ভুলবশত’ লক্ষ্যবস্তু বানিয়ে গুলি চালানো হয়েছিল। গুলিবিদ্ধ অবস্থায় রক্তাক্ত মিকায়েলকে দ্রুত উদ্ধার করে স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি।চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে এই খুদে প্রতিভা।

আলাগোয়াসের সন্তান ও মাসেওর জাসিন্তিনহো এলাকার বাসিন্দা মিকায়েল চলতি বছরের প্রথমার্ধে সাও পাওলোর বয়সভিত্তিক দলে খেলে জিতেছিল ‘কোপা ফিক্টর’ শিরোপা। এরপর নিজ শহর মাসেওতে ফিরে সিএসএ-র (সেন্ট্রো স্পোর্তিভো আলাগোয়ানো) অনূর্ধ্ব-১৫ দলে নিয়মিত অনুশীলন করছিলেন তিনি।

তার এমন আকস্মিক বিদায়ে শোকস্তব্ধ সিএসএ এক বিবৃতিতে জানায়, ‘আমাদের অনূর্ধ্ব-১৫ দলের সদস্য মিকায়েল লিয়ান্দ্রোর অকালমৃত্যুতে সিএসএ পরিবার গভীরভাবে শোকাহত।এই দুঃসময়ে আমরা তার শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু তদন্ত করে ঘাতকদের অবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

ঘটনার খবর পেয়েই তদন্তে নেমেছেন হোমিসাইড অ্যান্ড পারসোনাল প্রোটেকশন ডিভিশনের কর্মকর্তা উয়েসলেই লিমা। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, স্থানীয় মাদক পাচারকারী দুটি সন্ত্রাসী গ্রুপের সংঘাতের জেরে এই হামলা ঘটে এবং দুর্ভাগ্যবশত মিকায়েল সেই হামলার শিকার হন।

LEAVE A REPLY