ব্ল্যাকমেইল করে সমর্থন আদায় করতে চাচ্ছেন ইনফান্তিনো!

ছবি : রয়টার্স

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে বিশ্ব ফুটবলে চরম আলোড়ন সৃষ্টি করেছেন জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সভাপতি প্রিন্স আলী বিন আল-হুসেইন। তার দাবি, পুনরায় ফিফা সভাপতি পদে ইনফান্তিনোকে সমর্থনে সাড়া না দেওয়ায় জর্ডান ফুটবল ফেডারেশনের জন্য নির্ধারিত আর্থিক সহায়তা আটকে রাখার ভয় দেখিয়ে ‘ব্ল্যাকমেইল’ করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে প্রিন্স আলী অভিযোগ করেন, ২০২৫ সালের ফিফা আরব কাপে রানার্সআপ হওয়ার পরও তার দেশের ফুটবলাররা এখনও তাদের প্রাপ্য অর্থ পাননি। শুধু তাই নয়, বিশ্বকাপ চলাকালে জর্ডানের ফুটবলপ্রেমীদের ভিসা প্রক্রিয়াকরণ ও অন্যান্য জরুরি বিষয়েও ফিফার কাছ থেকে কোনো সহযোগিতা মেলেনি।

এদিকে চতুর্মুখী চাপে ইনফান্তিনোর ওপর নেতৃত্বের সংকট এখন চরম আকার ধারণ করেছে। ফিফার ব্যর্থ ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ বিনিয়োগ পরিকল্পনা নিয়ে খোদ সংস্থার শীর্ষ কর্মকর্তারাও মুখ খুলতে শুরু করেছেন।ফিফার মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রোম এক অভ্যন্তরীণ ই-মেইলে পুরো ঘটনাকে ‘দুঃখজনক ও নিন্দনীয়’ বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে সংস্থার প্রধান গ্লোবাল ডেভেলপমেন্ট কর্মকর্তা ও সাবেক আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার সাফ জানিয়েছেন, এই বিতর্কিত পরিকল্পনা বাতিল করার সিদ্ধান্তটি ছিল ‘অবশ্যই প্রয়োজনীয়’। এছাড়া এ বিষয়ে তিনি কিছুই জানতেন না বলেও মন্তব্য করেছেন। 

এমন পরিস্থিতিতে ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পথও কঠিন হয়ে পড়ছে।ইংল্যান্ড, ওয়েলস, ফিনল্যান্ড ও সার্বিয়ার পর এবার গ্রিসও তার ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে। একই সঙ্গে ইউরোপিয়ান ও কনকাকাফভুক্ত আরো কয়েকটি দেশ ইনফান্তিনোর হাত ছেড়ে দেওয়ার ভাবনাচিন্তা করছে।

LEAVE A REPLY