রোনালদোকে বেঞ্চে বসানোর পর ঘুরে দাঁড়াল আল নাসর

সংগৃহীত ছবি

চলতি মৌসুমে এই প্রথম আল নাসরের মূল একাদশে নাম উঠেছিল তার। কিন্তু ম্যাচের আসল রোমাঞ্চ আর রূপকথার মোড় ঘোড়ানো গল্পটা ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখতে হলো ডাগআউটে বসে! দুই গোলে পিছিয়ে পড়ে এবং এক খেলোয়াড় কম নিয়ে খেলার কঠিন পরিস্থিতিতেও পর্তুগিজ যুবরাজকে ছাড়াই আল ইত্তিফাকের বিপক্ষে ৩-২ গোলের অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে আল নাসর।

ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হতেই রোনালদোকে মাঠ থেকে তুলে নেওয়ার সাহসী সিদ্ধান্ত নেন আল নাসর কোচ অ্যাঞ্জ পোস্তেকোগলু। ড্রেসিংরুমে ফেরার সময় ৪১ বছর বয়সী এই মহাতারকার অভিব্যক্তিতে কোচের সিদ্ধান্তে চরম অসন্তোষের স্পষ্ট ছাপ ছিল। তবে ডাগআউটে বসে তার জন্য যে আরো বড় নাটক অপেক্ষা করছিল, তা হয়তো ভাবতেও পারেননি সিআর সেভেন।

ম্যাচের মাত্র ১২ মিনিটে আল ইত্তিফাক স্ট্রাইকার মুসা দেম্বেলেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আল নাসর গোলকিপার বেন্তো।১০ জনের দলে পরিণত হওয়া আল নাসরের ওপর সেই সুযোগ পুরোপুরি কাজে লাগায় আল ইত্তিফাক। ৩১ মিনিট এবং প্রথমার্ধের অতিরিক্ত সময়ে জোড়া গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেয় তারা।

দলের যখন গোলের বড্ড প্রয়োজন, তখন সর্বকালের অন্যতম সেরা গোলমেশিনকে তুলে নেওয়াটা প্রথম দর্শনে অদ্ভুত মনে হওয়াই স্বাভাবিক। তবে পোস্তেকোগলু হেঁটেছেন বাস্তবতার পথে।প্রথমার্ধে বড্ড অচেনা লাগছিল রোনালদোকে—পুরো অর্ধে মাত্র সাতবার বল স্পর্শ করে দুটি শট নেন, যার একটি ছিল লক্ষ্যে। পাঁচটি পাসের মধ্যে দুটিই ভুল! দল যখন ধুঁকছিল, তখন মাঠে তার নিষ্ক্রিয়তাই কাল হয়েছিল।

রোনালদো মাঠ ছাড়ার পরই যেন বদলে যায় আল নাসরের রূপ! ৭৪ মিনিটে সাদিও মানের গোলে ঘুরে দাঁড়ানোর সংকেত দেয় দলটি। এর মাত্র তিন মিনিট পর আবদুল্লাহ আল আমারি লক্ষ্যভেদ করলে ২-২ ব্যবধানে ম্যাচে সমতায় ফেরে ১০ জনের আল নাসর।

নাটকের শেষ অঙ্কে যোগ করা সময়ে মানের দ্বিতীয় গোল! দাম্মামে রাতের আঁধারে আল ইত্তিফাককে স্তব্ধ করে দিয়ে ৩-২ গোলের মহানাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে সৌদির ক্লাবটি।এই জয়ে লিগের টানা তিন ম্যাচেই শেষ হাসি হেসে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরো শক্ত করল পোস্তেকোগলুর শিষ্যরা। 

LEAVE A REPLY