সংগৃহীত ছবি
ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে ক্যামেরুনিয়ান তারকা মিডফিল্ডার কার্লোস চালবাকে নিশ্চিত করল ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ২২ বছর বয়সী এই উদীয়মান তারকাকে পাঁচ বছরের চুক্তিতে দলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি।
ক্রীড়াভিত্তিক মাধ্যম ইএসপিএনের তথ্যমতে, এই চুক্তির জন্য ইউনাইটেডকে গুনতে হচ্ছে ৬৫ মিলিয়ন পাউন্ড। এর সঙ্গে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে আরও ৫ মিলিয়ন পাউন্ড বোনাস যুক্ত হতে পারে। নতুন এই চুক্তিতে আরো এক বছর বাড়ানোর শর্তও রাখা হয়েছে। সব মিলিয়ে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ১৭২ কোটি টাকা।
ওল্ড ট্রাফোর্ডে চালবার আগমন অলরেডদের নতুনভাবে সাজানো মাঝমাঠকে আরো শক্তপোক্ত করবে। যেখানে ইতিমধ্যেই যোগ দিয়েছেন আন্দ্রে সান্তোস ও ইউরি টিলেমানসের মতো নতুন মুখ। লিলে থেকে ব্রাইটনে আসার পর গত তিন বছরে প্রিমিয়ার লিগে ৯২টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ২২ বছর বয়সী এই ক্যামেরুন আন্তর্জাতিক তারকার।
রেড ডেভিলদের সঙ্গে যুক্ত হয়ে উচ্ছ্বসিত চালবা বলেন, ‘স্বপ্নের ক্লাবে যোগ দেওয়া এক দারুণ অনুভূতি।ওল্ড ট্রাফোর্ডে খেলা সব সময়ই বিশেষ কিছু, তবে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠে নামা আমার জন্য হবে এক পরম সম্মানের। মাইকেল ক্যারিকের সঙ্গে কাজ করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। খেলায় তার অভিজ্ঞতা ও জ্ঞান আমাকে শীর্ষ স্তরে পৌঁছাতে সাহায্য করবে।’
এর আগে চালবার জন্য ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি চেয়েছিল ব্রাইটন, যার কারণে গত গ্রীষ্মে পিছিয়ে এসেছিল ইউনাইটেড। ক্লাবটির সিইও ওমর বেরাদা এবং ফুটবল ডিরেক্টর জেসন উইলকক্স সে সময় অতিরিক্ত ট্রান্সফার ফির কারণে আলোচনা থেকে সরে দাঁড়ান।তবে এবার সুবিধাজনক দামেই তাকে ডেরায় আনতে সফল হলো ক্লাবটি।











































