ফেসবুকের ‘বদলে যাওয়া’ পরিবেশে বিরক্ত আসিফ, সরিয়ে নিলেন নিজেকে

সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরেই সক্রিয় জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। নিজের গান, কাজের খবর, ব্যক্তিগত ভাবনা থেকে শুরু করে সমসাময়িক নানা বিষয় নিয়ে নিয়মিত ফেসবুকে নিজের মতামত প্রকাশ করতেন তিনি।তবে হঠাৎ করেই সেই প্ল্যাটফর্ম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই শিল্পী।

ইতোমধ্যে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন আসিফ আকবর। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) একটি সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বিষয়টি নিজেই জানান তিনি। একইসঙ্গে ফেসবুক থেকে সরে যাওয়ার কারণও ব্যাখ্যা করেন এই সংগীতশিল্পী।

ফেসবুকের বর্তমান পরিবেশ নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়ে আসিফ আকবর বলেন, ‘ফেসবুক ছিল একটা সামাজিক যোগাযোগমাধ্যম। কিন্তু ফেসবুকে এখন ধর্ম প্রচার হচ্ছে, অনলাইন অর্ডার করা হচ্ছে। ফেসবুক এখন আর ফেসবুকের জায়গায় নেই।’

তার মতে, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমটিতে সত্য ও গুজবের পার্থক্য করা কঠিন হয়ে পড়েছে।যাচাই-বাছাই ছাড়াই নানা ধরনের তথ্য ও খবর ছড়িয়ে পড়ায় প্রায়ই বিভ্রান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এমনকি তারকাদেরও এর কারণে বিড়ম্বনায় পড়তে হয় বলে মনে করেন তিনি।

নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন আসিফ। তার দাবি, বিভিন্ন সময় তার নামে এমন বক্তব্য ছড়িয়ে পড়েছে, যা তিনি কখনোই দেননি। পরে সেসব তথ্যের সত্যতা যাচাই করতে গিয়ে তাকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।

আসিফ আকবর বলেন, ‘কোন নিউজ বিশ্বাস করব, কোনটি সত্য- বলা যায় না। আমাকে রিউমার স্ক্যান করে ফোন দিয়ে বলতে হয়, ভাই, আমি তো এটা বলিনি।’

তারপর সংশ্লিষ্টদের বিষয়টি যাচাই করে প্রকৃত তথ্য প্রকাশ করতে হয়। আসিফের ভাষ্যে, এ ধরনের ঘটনা শুধু ব্যক্তিগতভাবে বিব্রতকর নয়, এর সঙ্গে দায়িত্বশীলতার বিষয়টিও জড়িত।

এই শিল্পীর মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রকাশের আগে অবশ্যই সেটির সত্যতা যাচাই করা প্রয়োজন। বিশেষ করে তারকাদের নিয়ে কোনো বক্তব্য, মন্তব্য কিংবা খবর প্রকাশের ক্ষেত্রে সামান্য ভুলও মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে।

আসিফ মনে করেন, তথ্য যাচাইয়ের দায়িত্ব যথাযথভাবে পালন না হলে সাধারণ মানুষ প্রতিনিয়ত ভুল তথ্যের মধ্যে পড়বেন। আর সেই বিভ্রান্তির দায় শেষ পর্যন্ত অনেক সময় সংশ্লিষ্ট ব্যক্তির ওপরই এসে পড়ে।

ফেসবুকের এমন পরিবেশে নিজেকে আর মানিয়ে নিতে না পেরে শেষ পর্যন্ত প্ল্যাটফর্মটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আসিফ আকবর। এরই মধ্যে ডিঅ্যাক্টিভ করা হয়েছে তার ফেসবুক অ্যাকাউন্ট।

LEAVE A REPLY