প্রতীকী ছবি
বিশ্বজুড়ে ফুটবল লিগগুলোতে প্রমোশন ও রেলিগেশন অত্যন্ত স্বাভাবিক একটি প্রক্রিয়া হলেও যুক্তরাষ্ট্রে মেসি-সুয়ারেজদের মেজর লিগ সকারে (এমএলএস) এটি নেই। এমনকি এমএলএসের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়া ল্যারি বার্গ স্পষ্ট করেছেন, অদূর ভবিষ্যতেও প্রমোশন-রেলিগেশন চালু করার কোনো পরিকল্পনা তাদের নেই।
এমএলএসে এই ব্যবস্থা না থাকার অনেকগুলো কারণ আছে। এমএলএসের গঠন পৃথিবীর অন্যান্য লিগ থেকে আলাদা। এখানে সব ক্লাব বা খেলোয়াড়দের চুক্তি এককভাবে কেন্দ্রীয় লিগ কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকে। ক্লাব মালিকরা মূলত পুরো লিগের শেয়ারহোল্ডার এবং ইনভেস্টর/অপারেটর হিসেবে কাজ করেন।
এছাড়া নতুন স্টেডিয়াম তৈরি, বিশ্বমানের ট্রেনিং ফ্যাসিলিটি গড়ে তোলা এবং মেগা স্টার খেলোয়াড়দের দলে টানতে মালিকদের বিশাল অঙ্কের অর্থ বিনিয়োগ করতে হয়। রেলিগেশন বা অবনমনের ভয় থাকলে দলগুলোতে নতুন বিনিয়োগকারীরা এত অর্থ বিনিয়োগ করতে উৎসাহিত হতেন না।
নতুন কমিশনার ল্যারি বার্গের মতে, রেলিগেশন না থাকলেও নিয়মিত মৌসুম ও প্লে-অফের কঠিন লড়াইয়ের মাধ্যমে লিগে প্রতিদ্বন্দ্বিতা টিকিয়ে রাখা সম্ভব।
যুক্তরাষ্ট্রে ‘ইউএসএল চ্যাম্পিয়নশিপ’ নামে দ্বিতীয় স্তরের লিগ থাকলেও এমএলএসের সঙ্গে তাদের ব্যবসায়িক বা সাংগঠনিক সংযোগ নেই।ফলে এক লিগ থেকে অন্য লিগে ওঠা-নামার অবকাঠামো এখনও তৈরি হয়নি।
উল্লেখ্য, ১৯৯৬ সালে মাত্র ১০টি দল নিয়ে যাত্রা শুরু করা এমএলএসে বর্তমানে দলের সংখ্যা বেড়ে ৩০টিতে দাঁড়িয়েছে। ইউরোপের মতো সরাসরি রেলিগেশন না এনে ভবিষ্যতে হয়তো লিগটি নিজেদের ভেতরেই ‘এমএলএস ১’ ও ‘এমএলএস ২’ নামে দুটি বিভাগ চালুর কথা ভাবতে পারে।










































