এআই প্রযুক্তির সুরক্ষায় ফিনল্যান্ডের পারমাণবিক বিদ্যুৎ কিনছে গুগল

ফিনল্যান্ডের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিকাঠামো উন্নয়নে ১৩ বিলিয়ন ইউরো (১৫ বিলিয়ন ডলার) বিনিয়োগের ঘোষণা দিয়েছে গুগল। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, কম্পানিটি জানিয়েছে যে ইউরোপে এটিই গুগলের সবচেয়ে বড় একক বিনিয়োগ। এই বিশাল প্রকল্পের অধীনে তিনটি নতুন ডেটা সেন্টার নির্মাণ এবং একটি পুরনো সাইট সম্প্রসারণ করা হবে। এআই পরিষেবার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে ফিনল্যান্ডের লোভিসা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুতের অর্ধেক কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রেসিডেন্ট ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা রুথ পোরাট জানান, এই বিনিয়োগ দায়িত্বশীলভাবে প্রযুক্তির অবকাঠামো সম্প্রসারণ এবং নতুন জ্বালানি সক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এই প্রকল্পের অংশ হিসেবে ফিনল্যান্ডের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ‘ফরটাম’-এর সাথে ২২ বছর মেয়াদি চুক্তি করেছে গুগল।এর ফলে লোভিসা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৫০ শতাংশ বিদ্যুৎ ব্যবহার করবে গুগল, যা তাদের জেমিনি এআই চ্যাটবটসহ সার্চ, ম্যাপস ও ইউটিউব পরিষেবার সক্ষমতা বাড়াবে।

কম্পানিটির তথ্য মতে, এই নির্মাণের মাধ্যমে অন্তত ৩৭০০০ কর্মসংস্থান তৈরি হবে এবং ফিনল্যান্ডের জিডিপি বছরে ৩.৬ বিলিয়ন ইউরো বৃদ্ধি পাবে। নতুন ডেটা সেন্টারগুলো কাজানি, মুহোস ও ভালায় নির্মিত হবে এবং ২০০৯ সালে চালু হওয়া হামিনার ডেটা সেন্টারটি সম্প্রসারিত করা হবে। ২০২৭ থেকে ২০২৮ সালের মধ্যে এসব কেন্দ্র প্রস্তুত হওয়ার কথা রয়েছে।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেটেরি ওরপো এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, গুগলের এই সিদ্ধান্ত দেশের প্রযুক্তিগত সক্ষমতার একটি বড় প্রমাণ। শীতল আবহাওয়া ও স্বল্প-কার্বন বিদ্যুতের সহজলভ্যতার কারণে সম্প্রতি এআই ডেটা সেন্টারের জন্য বিশ্বজুড়ে আদর্শ স্থান হয়ে উঠেছে ফিনল্যান্ড। সম্প্রতি টিকটকও দেশটিতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

LEAVE A REPLY