টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ‘বুড়ো’ ইমরান তাহিরের

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ইতিহাস গড়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক স্পিনার ইমরান তাহির। সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট তুলে নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।তার দুর্দান্ত বোলিংয়ের ওপর ভর করেই সেন্ট লুসিয়াকে চার উইকেটে হারিয়ে ম্যাচ জেতে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

বুধবার প্রভিডেন্স স্টেডিয়ামে সেন্ট লুসিয়া কিংসকে ১১৯ রানে অলআউট করে দেয় গায়ানা। জবাবে ১৮.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২২ রান তুলে ম্যাচ জিতে নেয় তারা। এই জয়ের নায়ক ছিলেন ইমরান তাহির।চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে পাঁচ উইকেট নেন তিনি। ৪৭ বছর ১৬৬ দিন বয়সে এই কীর্তি গড়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে পাঁচ উইকেট নেওয়ার নজির তৈরি করেন।

এর আগে এই রেকর্ড ছিল কুক আইল্যান্ডসের বোলার টোমাকানুটে রিতাভার দখলে। তিনি ২০২২ সালে ৪৬ বছর ২৯৯ দিন বয়সে পাঁচ উইকেট নিয়েছিলেন।

তাহির প্রথমে ৪৩ রান করা কামিল পুরানকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন। এরপর রস্টন চেজ, ম্যাকেঞ্জি ক্লার্ক, ম্যাথিউ ফোর্ড ও জশুয়া বিশপকে আউট করে পাঁচ উইকেট পূর্ণ করেন। জশুয়া বিশপ তার গুগলিতে সম্পূর্ণ বিভ্রান্ত হন। রিভিউ নিলেও মাঠের সিদ্ধান্তই বহাল থাকে।

ম্যাচ শেষে ইমরান তাহির নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে বলেন, ‘সত্যি বলতে আমি অনেক দিন ধরেই এমন একটা পারফরম্যান্সের অপেক্ষায় ছিলাম।মাঝের ওভারগুলোয় রান আটকে রাখাই আমার কাজ। আমি সব সময় আক্রমণাত্মক বোলিং করতে ভালোবাসি। আমার ছেলে এখনো আমাকে অনুপ্রাণিত করে। ও চায় আমার সঙ্গে খেলতে। এই জায়গায় পৌঁছতে আমি প্রচুর পরিশ্রম করেছি। পরিশ্রমের ফল এভাবে পেলে খুব ভালো লাগে। ব্যক্তিগত রেকর্ড নিয়ে আমি ভাবি না, সবটাই দলের জন্য।’

বয়স যে শুধু সংখ্যা, তা আরও একবার প্রমাণ করে দিলেন ইমরান তাহির। ৪৭ বছর বয়সেও তার লড়াই, ফিটনেস এবং ম্যাচ জেতানোর ক্ষমতা তরুণ ক্রিকেটারদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। 

LEAVE A REPLY