সংগৃহীত ছবি
ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে সব বিষয়ে মত মিলবে, এমনটা মনে করেন না অমিতাভ বচ্চন। তবে মতের অমিল থাকলেও বাবা-ছেলের সম্পর্কের গন্তব্য একই হতে পারে বলে মনে করেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা।সম্প্রতি নিজের ব্লগে অভিষেকের সঙ্গে সম্পর্ক এবং প্রজন্মের পার্থক্য নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন তিনি।
বাবা ও ছেলের চিন্তাভাবনা আলাদা হওয়াটা স্বাভাবিক বলেই মনে করেন অমিতাভ। তার মতে, দুজনের দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে, নিজেদের পথও আলাদা হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত তারা একই লক্ষ্যের দিকে এগোতে পারেন।
নিজের লেখায় বাবা-ছেলের সম্পর্কের একটি ছবি তুলে ধরেছেন অমিতাভ। তিনি বলেন, বাবা ও ছেলে একই মঞ্চে পাশাপাশি থাকতে পারেন, অথচ তাদের মতামত আলাদা হতে পারে। তবু তাদের গন্তব্য এক থাকতে পারে।
অমিতাভের এই বক্তব্যে উঠে এসেছে নতুন প্রজন্মের প্রতি সম্মানের বিষয়টিও।তার মতে, বাবা-মায়ের সঙ্গে সন্তানের সব বিষয়ে একমত হওয়া জরুরি নয়। বরং সন্তান নিজের মতো করে ভাববে, নিজের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নেবে—সেই স্বাধীনতাকে সম্মান করাও সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ।
ব্লগে অমিতাভ আরো লেখেন, প্রত্যেক মানুষ নিজের মতো করে পথ খুঁজে নিলেও শেষ পর্যন্ত এমন একটি গন্তব্যের দিকে এগোনো উচিত, যা সবার জন্য কল্যাণকর। ভালোবাসা, সম্মান ও একে অন্যের শুভকামনাকে তিনি এই সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে তুলে ধরেছেন।
বর্তমানে ‘কৌন বানেগা ক্রোড়পতি’র ১৮তম মৌসুমের সঞ্চালনা করছেন অমিতাভ।অভিনয়েও তাকে নিয়মিত দেখা যাচ্ছে। সর্বশেষ রজনীকান্তের সঙ্গে ‘ভেট্টাইয়ান’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। সামনে নাগ অশ্বিন পরিচালিত ‘কাল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েলে অশ্বত্থামা চরিত্রে ফিরবেন অমিতাভ।
অন্যদিকে, অভিষেক বচ্চনকে সর্বশেষ দেখা গেছে রীতেশ দেশমুখ পরিচালিত ‘রাজা শিবাজি’ সিনেমায়।
সূত্র : এনডিটিভি











































