ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি গোলাবারুদ সংরক্ষণাগারে রুশ ড্রোন হামলার পর ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। শনিবার ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। আলজাজিরা এ খবর প্রকাশ করেছে।
কিয়েভের পশ্চিমে বুচা জেলার মিলা শহরের কাছে ওই গুদামটি অবস্থিত। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, রাশিয়ার রাতভর চালানো ড্রোন হামলার পর সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এরপর আগুন দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তাকাচেঙ্কো জানিয়েছেন, হামলায় অন্তত ৫০টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন ছড়িয়ে পড়ে কয়েকটি বাড়ি ও একটি রেস্তোরাঁয়ও। হামলার এলাকা থেকে প্রায় ৪০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এতে আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।
নিহতদের মধ্যে দিমিত্রিভস্কা গ্রামের মেয়র তারাস দিদিচও রয়েছেন বলে জানিয়েছেন গভর্নর।
ইউক্রেনীয় প্রসিকিউটররা জানিয়েছেন, গুদামটিতে বিস্ফোরক সামগ্রী রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তারা ফৌজদারি তদন্ত শুরু করেছেন। সেখানে বিস্ফোরক সংরক্ষণের অনুমতি ছিল কি না এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রয়োজনীয় অনুমোদন ও নিরাপত্তা বিধি মেনেছিল কি না, তা তদন্ত করে দেখা হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ড্রোন হামলার পর ওই স্থানে বিস্ফোরণ ঘটে। তার মতে, আবাসিক এলাকার কাছে গোলাবারুদ সংরক্ষণের অনুমতি নেই। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইউক্রেনের প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি বলেছেন, জুলাই মাসে কিয়েভের কাছে ভিশনেভে একটি গোলাবারুদ গুদামে হামলায় প্রাণহানির পরও একই ধরনের ভুল আবার ঘটেছে। তার অভিযোগ, আবাসিক এলাকার কাছাকাছি গোলাবারুদ রাখার মতো অব্যবস্থাপনা গুরুতর অবহেলার শামিল।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রাশিয়া ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ও ২৬৭টি ড্রোন নিক্ষেপ করেছে।
সূত্র: আলজাজিরা











































