ফ্রান্সের সেরা হয়েই পিএসজি ছাড়বেন এমবাপ্পে

সংগৃহীত ছবি

কিলিয়ান এমবাপ্পের টানা পাঁচ। আবারও ফ্রান্সের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ফরাসি তারকা। প্যারিসে ফ্রেঞ্চ প্লেয়ার্স ইউনিয়ন (ইউএনএফপি) পুরস্কার অনুষ্ঠানে ফ্রেঞ্চ লিগ ওয়ানের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি। এ নিয়ে টানা পঞ্চমবার পুরস্কারটি জিতলেন ২৫ বছর বয়সী এমবাপ্পে!

মোনাকো থেকে রেকর্ড ট্রান্সফারে পিএসজিতে যোগ দিয়ে সাতটি বসন্ত কাটিয়ে চলতি মৌসুম শেষে অন্যত্র পাড়ি জমাতে যাচ্ছেন ফরাসি অধিনায়ক।

দুই দিন আগেই প্যারিস ছাড়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন তিনি। কিন্তু কোথায় নতুন আবাস গড়বেন তা অবশ্য বলেননি তিনি। তবে মিডিয়ার গুঞ্জন, তার নতুন বসতি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ।

পিএসজির হয়ে নিজেদের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন তিনি।

তুলুজের কাছে ৩-১ গোলে হারা ম্যাচে লিগ ওয়ান জয়ীদের একমাত্র গোলটি করেছিলেন এমবাপ্পে। চলতি মৌসুমে লিগ ওয়ানে তার গোলসংখ্যা ২৭, যা দ্বিতীয় স্থানে থাকা লিলের কানাডিয়ান ফরোয়ার্ড জোনাথন ডেভিডের চেয়ে আটটি বেশি। 

মৌসুম অবশ্য এখনো শেষ হয়নি। এই সপ্তাহে লিগ ওয়ানে আরো দুটি ম্যাচ খেলবে পিএসজি।

এ ছাড়া আগামী ২৫ মে লিওঁর বিপক্ষে ফ্রেঞ্চ কাপের ফাইনাল আছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের।

ফ্রেঞ্চ প্লেয়ার্স ইউনিয়ন পুরস্কারের রাতে এমবাপ্পের পিএসজিরই ছিল জয়জয়কার। তরুণ মিডফিল্ডার ওয়ারেন জায়ার-এমেরি জিতেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। আর সেরা গোলরক্ষকের ট্রফি জিতেছেন জিয়ানলুইজি দোন্নারুমা। 

বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন ব্রেস্তকে প্রথমবার ইউরোপিয়ান প্রতিযোগিতার টিকিট এনে দেওয়া এরিক রয়।

এক ম্যাচ বাকি থাকতে পঞ্চম হওয়া নিশ্চিত ব্রেস্তের। অর্থাৎ অন্তত ইউরোপা লিগে খেলা নিশ্চিত। এএফপি

LEAVE A REPLY