চোট পেয়ে গতকাল যখন মাঠ ছাড়ছিলেন পেদ্রি তখনই শঙ্কা জেগেছিল টুর্নামেন্ট শেষ হতে পারে স্প্যানিশ মিডফিল্ডারের। চোখের জল ফেলতে ফেলতে মুখ ঢেকে মাঠ থেকে বের হচ্ছিলেন তিনি। আজ সেই শঙ্কাই সত্যি হয়েছে।
ইউরোতে আর খেলা হচ্ছে না পেদ্রির।
আজ এক বিবৃতি দিয়ে উদীয়মান মিডফিল্ডারের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে স্পেন। তবে টুর্নামেন্টের শেষ পর্যন্ত দলের সঙ্গে থাকবেন ২১ বছর বয়সী মিডফিল্ডার। মাঠে নামতে না পারলেও বেঞ্চে বসে দলকে উৎসাহ দেবেন তিনি।
পেদ্রির চোট নিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশন বিবৃতিতে লিখেছে,‘তার লিগামেন্টের চোটটি গ্রেড টু পর্যায়ের।
টুর্নামেন্টের শেষ পর্যন্ত সতীর্থদের সমর্থন দিতে সে জার্মানিতে দলের সঙ্গে থাকবে।’ স্প্যানিশ সংবাদের মাধ্যমগুলো জানিয়েছে, কমপক্ষে এক মাস মাঠের বাইরে থাকতে হবে বার্সেলোনা মিডফিল্ডারকে।
পেদ্রির ছিটকে যাওয়াটা নিশ্চিতভাবেই স্পেনের জন্য বড় ক্ষতির। শেষ চারের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে তার বদলে একাদশে জায়গা নিতে পারেন দানি ওলমো।
জার্মানির বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের ৭ মিনিটে চোট পান পেদ্রি। টনি ক্রুসের কড়া ট্যাকল তাকে মাঠ ছাড়তে বাধ্য করেছে। ম্যাচ শেষে অবশ্য পেদ্রির কাছে ক্ষমা চেয়েছেন ক্রুস। এমন ট্যাকল ইচ্ছাকৃত ছিল না বলে জানিয়েছেন তিনি।
জার্মানির হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলা ক্রুস পেদ্রিকে দুর্দান্ত খেলোয়াড় সম্বোধন করে বলেছেন,‘ ক্ষমা চাচ্ছি এবং দ্রুত সুস্থ হয়ে ওঠো পেদ্রি।
অবশ্যই, তোমার ক্ষতি করার উদ্দেশ আমার ছিল না। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি। শুভ কামনা তোমার জন্য। তুমি দুর্দান্ত একজন খেলোয়াড়।’











































