কাঁধের হাড় সরে যাওয়া বায়ার্ন মিউনিখ কোচ এখন কেমন আছেন

জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানি। ছবি: রয়টার্স

হঠাৎ মাঠে লুটিয়ে পড়া, কাঁধের হাড় সরে যাওয়া, এমনকি খিঁচুনি—বায়ার্ন মিউনিখ কোচ ভিনসেন্ট কোম্পানির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়িয়েছিল ফুটবল বিশ্বে। তবে স্বস্তির খবর, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন কোম্পানি।এখন বিশ্রাম ও ওষুধের মাধ্যমে সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় ৪০ বছর বয়সী এই বেলজিয়ান।

গত শুক্রবার (২৩ অক্টোবর) বায়ার্নের অনুশীলন দেখতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কোম্পানি। জার্মান সংবাদমাধ্যম বিল্ডের প্রতিবেদন অনুযায়ী, পড়ে যাওয়ার সময় তার কাঁধের হাড় সরে যায়। এ ছাড়া খিঁচুনি হয়েছিল।

চিকিৎসকেরা হৃদরোগ ও স্ট্রোকের আশঙ্কা নাকচ করলেও প্রাথমিকভাবে অসুস্থ হয়ে পড়ার কারণ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছিল। পরে জানা যায়, মস্তিষ্ক ও মেরুদণ্ডের আবরণে প্রদাহজনিত সমস্যার কারণে এ ঘটনা ঘটে।

বায়ার্নের ক্রীড়া বিভাগের প্রধান ম্যাক্স এবার্ল কোম্পানির শারীরিক অবস্থা নিয়ে বলেছেন, ‘পরিস্থিতি বিবেচনায় তিনি এখন ভালো আছেন। তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।এটি আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দের খবর।’

এবার্ল আরো জানান, কোম্পানিকে এখন বিশ্রাম নিতে হবে এবং নিয়মিত ওষুধ সেবন করতে হবে। চিকিৎসকদের অনুমতি ছাড়া তিনি দায়িত্বে ফিরবেন না। 

কোম্পানিকে কবে নাগাদ ডাগআউটে দেখা যাবে, তা এখনো নিশ্চিত নয়। তবে সুস্থ হয়ে দ্রুত মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী বায়ার্ন কর্তৃপক্ষ।

LEAVE A REPLY