আমি চাই নিরেট ভালো গল্প : সজল

আব্দুন নূর সজল

নাটকের জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। নাটকে একসময় দাপটের সঙ্গে অভিনয় করেছেন। তবে এখন বিশেষ দিবস ছাড়া নাটকে খুব একটা দেখা যায় না। ব্যস্ত আছেন ওটিটি কনটেন্ট ও সিনেমা নিয়ে।

গত কয়েক বছর ধরে তার ব্যস্ততা এমনই। সামনে আসছে ‘জ্বীন ৩’। ছবিটিতে যুক্ত হয়েছেন সজল। এই সিরিজের প্রথম ছবিতে অভিনয় করেছিলেন তিনি, ‘জ্বীন ২’তে অনুপস্থিত থাকলেও ফিরলেন তৃতীয় কিস্তিতে।

ছবি ও সমসাময়িক ব্যস্ততার বিষয়ে অভিনেতার সঙ্গে কথা বলেছেন কামরুল ইসলাম।

‘জ্বীন ৩’ নির্মাণ করছেন কামরুজ্জামান রোমান। সিরিজের দ্বিতীয় ছবিটিও বানিয়েছিলেন তিনি। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে নতুন কিস্তির শুটিং।

সজল জানান, এবারের গল্পের প্রয়োজনে বিস্তৃত পরিসরে শুটিং করবেন তাঁরা। ঢাকার পাশাপাশি টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, খুলনাসহ বেশ কিছু জায়গায় যেতে হবে তাঁদের।


গল্পে মজে রাজি
‘জ্বীন ২’তে ছিলেন না সজল। কিন্তু তৃতীয় কিস্তিতে কী ভেবে যুক্ত হলেন? “চরিত্রটা নিয়ে এখনই বলছি না। তবে খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার।

আর এবারের গল্প ভাবনা একদমই অন্য রকম। আশপাশে আমরা তো অনেক গল্প দেখি-শুনি। সে রকম কিছু বিষয় অন্যভাবে উঠে আসবে। আমি গল্পকে খুব প্রাধান্য দিই। গল্প আমাকে টানে যখন, তখনই কাজ করি। ‘জ্বীন ৩’-এর গল্পটাও তেমনই। তাই যুক্ত হয়েছি”—জবাব সজলের।

বাড়তি প্রস্তুতি
গল্প যেহেতু ভিন্ন আঙ্গিকের, সেটার দৃশ্যায়নেও থাকে ভিন্নতা। এর জন্য প্রয়োজন পড়ে বাড়তি প্রস্তুতির। সজল বলেন, ‘এক মাস ধরে প্রস্তুতি নিয়েছি। চরিত্রটির জন্য নিজের মধ্যে কিছু পরিবর্তন আনতে হয়েছে। এটা তো অন্য আট-দশটা ছবির মতো নয়। অনেক রকমের দৃশ্য আছে। সেগুলোতে নিজেকে ঠিকঠাকভাবে উপস্থাপন করা জরুরি। এ জন্য দৃশ্য ধরে ধরে অনুশীলন করছি। গানের জন্য নৃত্যের প্রস্তুতি নিয়েছি। আবার ক্লাইম্যাক্সে কিছু অ্যাকশন আছে, সেটার জন্যও বাড়তি প্রিপারেশন নিতে হয়েছে।’

প্রথমবার সজল-ফারিয়া
সজল ও নুসরাত ফারিয়া দুজনেই শোবিজে নিজেদের স্বতন্ত্র পরিচয়ে প্রতিষ্ঠিত। এর আগে কখনো একসঙ্গে অভিনয় করেননি তাঁরা। তবে বহু বছর আগে একসঙ্গে সঞ্চালনা করেছিলেন। অভিনয়ে ‘জ্বীন ৩’-এ তাঁদের দেখা যাবে একসঙ্গে। সজলের ভাষ্য, ‘ফারিয়ার সঙ্গে অনেক আগে কাজ হয়েছিল, সেটা আমাদের দুজনেরই ছোটবেলায় (হাহাহা)। আমরা তখন সঞ্চালনা করতাম। তবে অভিনয়ে এই প্রথম। ফারিয়া যথেষ্ট পরিশ্রমী। এই যে এখন (গতকাল বিকেল) রিহার্সাল কক্ষে আছি, সকাল থেকেই ও বিরামহীন অনুশীলন করে যাচ্ছে।’ 

বিশ্বাস ও বাস্তবতা
অলৌকিক গল্পের ছবিতে তো অভিনয় করছেন। বাস্তবে কি বিশ্বাস করেন এসবে? সজলের স্পষ্ট জবাব, “অবশ্যই। আমরা যাঁরা মুসলিম, কোরআনে বিশ্বাস করি, তাঁরা জ্বীনেও বিশ্বাস করি। বাস্তব জীবনে আমার সঙ্গে অহরহ এ রকম কিছু ঘটেনি। তবে ‘জ্বীন’-এর শুটিং করতে গিয়ে কিছু অস্বাভাবিক বিষয় লক্ষ্য করেছিলাম। এবার গিয়ে দেখি, কী হয়!”

বৈচিত্র্যের আহ্বান
আগের দুই কিস্তি দর্শকের ইতিবাচক সাড়া পেয়েছিল। অর্থাৎ ভৌতিক গল্পের ছবিতে দর্শকের আগ্রহ রয়েছে। তবু এ ধরনের ছবি হয় না বললেই চলে। প্রসঙ্গটি নিয়ে সজল বলেন, ‘কেন হয় না, কারণটা আমার কাছে পরিষ্কার নয়। গত দু-তিন বছর ধরে দেখছি, ভালো ছবি হলেই দর্শক আসে। উৎসবের পরিবেশ তৈরি হয়। সুতরাং অনেক ধরনের গল্প যদি পর্দায় আসে, তাহলে দর্শক নিজেদের পছন্দ অনুযায়ী ছবি দেখতে পারবে। সে জন্য বিভিন্নজনের গল্প নিয়ে ছবি হওয়া দরকার।’ 

আরো যা কিছু
এই ছবির বাইরে আর কী করছেন সজল, তা স্পষ্ট করে জানালেন না। তবে এটুকু বললেন, বর্তমানে আরো দুটি ছবি রয়েছে তাঁর হাতে। ‘জ্বীন ৩’-এর শুটিং সম্পন্ন হলে সেগুলোর খবর এক এক করে দেবেন। এ ছাড়া ওটিটির নতুন কাজের কথাবার্তা চূড়ান্ত। সেখানেও আসবে নতুন চমক। সজল বলেন, ‘সব চিন্তা-ভাবনা করা আছে। এ বছর একদম হিসাব করা ভালো কিছু কাজ করব।’

টিভিতে অমাবস্যার চাঁদ টেলিভিশন নাটকের অন্যতম সফল অভিনেতা সজল। একসময় চুটিয়ে অভিনয় করেছেন। প্রেমের নাটকে রয়েছে তাঁর আলাদা কদর। অথচ কয়েক বছর ধরে টিভি পর্দায় তিনি অমাবস্যার চাঁদ! এই ভালোবাসা দিবসেও দেখা যাবে না তাঁকে। সজল বলেন, ‘আসলে গল্প ভালো না লাগলে করি না। দর্শকপ্রিয় হবে, স্রেফ এই ভাবনা থেকে কাজ করতে চাই না। অনেক দিন তো হয়ে গেল ইন্ডাস্ট্রিতে। এখন আমি চাই নিরেট ভালো গল্প।’

LEAVE A REPLY