আরব আমিরাতের বিপক্ষে আবারও হারল বাংলাদেশের মেয়েরা

ছবি : বাফুফে

দ্বিতীয় প্রীতি ম্যাচেও সংযুক্ত আরব আমিরাতের কাছে আবারও হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। রবিবার রাতে আমিরাত অ্যাসোসিয়েশনের এক নম্বর মাঠে স্বাগতিকরা জিতেছে ৩-১ ব্যবধানে। প্রথম ম্যাচেও হারের ব্যবধান ছিল একই।

স্বাগতিক মেয়েদের সঙ্গে এদিনও আফিদা খন্দকার-শাহেদা আক্তাররা পেরে ওঠেননি।

যদিও  রক্ষণাত্মক কৌশল বেছে না নিয়ে সুযোগ বুঝে আক্রমণও করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। একটি পরিবর্তন এনে একাদশ সাজান পিটার বাটলার। মুনকি আক্তারের জায়গায় খেলেছেন অর্পিতা বিশ্বাস। খেলার প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

আমিরাতের ফরোয়ার্ডরা দুই উইং ব্যবহার করে আক্রমণ শানিয়েছে। হাওয়ায় উড়ে আসা বল ফেরাতে হিমশিম খেয়েছে বাংলাদেশের ডিফেন্ডারা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়িয়ে নেয় আমিরাত। এরপর ৮১ মিনিটে পেনাল্টি আদায় করে বাংলাদেশ।

স্পট কিকে অধিনায়ক আফিদার গোল শুধুই ব্যবধান কমিয়েছে। আগের ম্যাচে হারের পর এ ম্যাচে উন্নতির আশা করেছিলেন বাংলাদেশ কোচ। কিন্তু আমিরাতের মেয়েদের সঙ্গে ব্যবধান বুঝেছে বাংলাদেশের মেয়েরা। সংকটের মুহূর্তে গড়া নতুন দলের প্রথম সফর হলো তাই হতাশায় মোড়ানো।

LEAVE A REPLY