উজ্জীবিত বার্সেলোনার সামনে আজ ইন্টার

চ্যাম্পিয়নস লিগের প্রথম সেমিতে খেলতে নামার আগে অনুশীলনে বার্সেলোনা-ইন্টার মিলানের খেলোয়াড়রা। ছবি : এএফপি

আকাশে উড়ছে বার্সেলোনা। লামিন ইয়ামাল-রাফিনিয়াদের তারুণ্যের দীপ্তির সঙ্গে রবার্ত লেভানদোস্কিদের অভিজ্ঞতার দুর্দান্ত মিশেলে মাঠে বাজিমাত করছে মৌসুমে চতুর্থ শিরোপার কক্ষপথে হাঁটা কাতালানরা। রূপকথার পথচলায় পাঁচ গোলের থ্রিলারে রিয়াল মাদ্রিদকে হতাশার সাগরে নিমজ্জিত করে তিন দিন আগে ঘরে তুলেছে তারা কোপা দেল রের বত্রিশতম শিরোপা। এল ক্লাসিকো জেতার তরতাজা সুখস্মৃতি আর গগনচুম্বী আত্মবিশ্বাস সঙ্গী করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে আজ রাতে তারা আতিথ্য দেবে ইন্টার মিলানকে।

অনন্য ট্রেবলের হাতছানি ছিল ইন্টারের সামনেও। কিন্তু হঠাৎ ছন্দঃপতনে সব হারানোর শঙ্কায় এখন সিমোনে ইনজাঘির দল। বায়ার্ন মিউনিখকে বিদায় করে শেষ চারে বার্সার মুখোমুখি হওয়ার আগে তারা হেরেছে টানা তিন ম্যাচ। সর্বশেষ রোমার বিপক্ষে হেরে ইতালিয়ান লিগে নাপোলির চেয়ে তিন পয়েন্ট পেছনে পড়ে গেছে তারা।

ঠিক এমন কঠিন পরিস্থিতিতে তিন বছর আগে বার্সার মুখোমুখি হয়ে জয় নিয়ে মাঠ ছেড়ে সেবার ফাইনালও খেলেছিল ইতালিয়ান জায়ান্টরা।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে রেকর্ড অবশ্য বার্সার পক্ষে। ইন্টারের বিপক্ষে আগের বারো ম্যাচে ছয়বার জিতে চারবার ড্র করে তারা হেরেছে দুইবার। তবে বার্সার বিপক্ষে অবিস্মরণীয় সুখস্মৃতিও আছে ইন্টারের।

২০১০ সালে অনন্য ট্রেবল পূরণের পথে সেমিফাইনালে বার্সেলোনাকে বিদায় করেই কিন্তু সেবার ফাইনাল খেলেছিল তারা। এবার গল্পটা অন্যভাবে লিখে ২০১৫ সালের পর আবার ফাইনাল খেলতে চায় বার্সেলোনা! ইএসপিএন

LEAVE A REPLY