মে মাসের সেরা খেলোয়াড় হয়েছেন ওয়াসিম। ছবি : ক্রিকইনফো
বাংলাদেশের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়েছে সংযুক্ত আরব আমিরাত। ঐতিহাসিক সিরিজ জয়ে দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মুহাম্মদ ওয়াসিম। দুই ফিফটিতে তিনি সিরিজে মোট ১৪৫ রান করে সিরিজসেরার পুরস্কার জেতেন।
বাংলাদেশকে কাঁদানো সেই ওয়াসিম এবার আরো বড় স্বীকৃতি পেয়েছেন।
আইসিসির মাসসেরা হয়েছেন আরব আমিরাতের অধিনায়ক। মে মাসের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতেছেন ৩১ বছর বয়সী ওপেনার। এতে রেকর্ড গড়েছেন তিনি।
সহযোগী সদস্য দলগুলোর মধ্যে একাধিকবার পুরস্কার পাওয়া প্রথম খেলোয়াড় তিনি।
এর আগে ২০২৪ সালের এপ্রিল মাসের সেরা খেলোয়াড় হয়েছিলেন ওয়াসিম। দ্বিতীয়বার পুরস্কার পেয়ে ভীষণ খুশি হয়েছেন তিনি। ৩১ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘দ্বিতীয়বার মাসসেরার পুরস্কার জেতা আমি ভীষণ আনন্দিত।
আইসিসিসহ আমাকে ভোট দেওয়া সব ভক্তকে ধন্যবাদ। এই পুরস্কার যতটা আমার, ঠিক ততটাই আমার সতীর্থ ও স্টাফদেরও। তাই তাদের ধন্যবাদ। আমাদের জন্য মে মাসটা স্মরণীয়। বাংলাদেশের বিপক্ষে শারজায় ঐতিহাসিক সিরিজ জিতেছি।এই জয় আরব আমিরাত ক্রিকেটের অগ্রগতির প্রমাণ।’
পুরস্কার জিততে ওয়াসিম পেছনে ফেলেছেন স্কটল্যান্ডের ব্রেন্ডন ম্যাকমুলান ও যুক্তরাষ্ট্রের মিলিন্দ কুমারকে। অন্যদিকে মেয়েদের মে মাসের সেরা খেলোয়াড় হয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্লোয়ি টাইরন। মে মাসে ১৭৬ রানের পাশাপাশি ৬ উইকেট নেন তিনি। সেরার লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস ও ভারতের জেমিমাহ রদ্রিগেজ।










































